বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ঈদের এক সপ্তাহ পরও ঢাকায় ফিরছে লাখ লাখ মানুষ। গত সাত দিনে প্রায় ৭৪ লাখ ১৫ হাজার ৯৯৬ জন বিভিন্ন জেলা থেকে ঢাকায় ফিরে এসেছে। গতকাল রবিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।
ঢাকা ছেড়ে যাওয়া ও ফেরত আসা মানুষের মোবাইল অপারেটরের তথ্যভান্ডর এবং কলপ্রবণতা বিশ্লেষণ করে তিনি এ তথ্য জানান।
মোস্তাফা জব্বারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত শনিবার সবচেয়ে বেশি ২৩ লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছে। গত সাত দিনে ঢাকায় আসা মানুষের মধ্যে গ্রামীণফোনের ৩২ লাখ ৩০ হাজার, রবির ১৮ লাখ ৪৫ হাজার, বাংলালিংকের ২২ লাখ ১৩ হাজার এবং টেলিটকের ১ লাখ ২৬ হাজার গ্রাহক রয়েছেন।
এর আগে গত ৮ থেকে ১১ জুলাই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় গিয়েছে ৭৮ লাখ ৮৭ হাজার মানুষ। তাদের মধ্যে গ্রামীণফোনের প্রায় ৪০ লাখ গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময় রবির ১৮ লাখ ৫৫ হাজার, বাংলালিংকের ১৮ লাখ ৫৫ হাজার এবং টেলিটকের ১ লাখ ৯০ হাজার গ্রাহক ঢাকার বাইরে গেছেন।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, মোবাইল ব্যবহারকারীর চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে। কারণ অনেকেই পরিবার নিয়ে ঢাকা ছেড়েছেন। একটি পরিবারের সবাই মোবাইল ব্যবহার করেন না, বিশেষ করে অল্প বয়সীরা। আবার অনেকে একাধিক সিম ব্যবহার করেন।