শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আগামী জাতীয় নির্বাচন ৭০-এর নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ- মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এ নির্বাচনে ভোট দিতে ভুল হলে দেশে আবারও জঙ্গিবাদের উত্থান হবে, মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে, বাঙালি জাতীয়তাবাদ ধ্বংস হবে। আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন। শনিবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে কুমারিয়াবাড়ি মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপিকে নির্বাচনী মাঠেই মোকাবেলা করা হবে। রেফারি থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই সরকার গঠন করবে। এ নির্বাচন নিয়ে যারা ছিনিমিনি খেলবে, জনগণ তাদের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে। এ সময় নির্বাচনী মাঠ থেকে বিএনপিকে না পালানোর আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন ঘোষিত নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো এদেশেও সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচনে জনগণ যে রায় দেবে, আওয়ামী লীগ তা মেনে নেবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে অন্ধকার বাংলাদেশকে আলোকিত করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমন করেছেন। অদম্য সাহস নিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করেছেন। চলমান উন্নয়ন, দেশের শান্তি ও স্থিতিশীলতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে তার নির্বাচনী এলাকা কাজীপুরসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক এমপি ডা. মুরাদ হাসান, কাজীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, সরিষাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন বাদশাহ প্রমুখ।
এর আগে মনসুরনগর ইউনিয়নের নির্মাণাধীন সড়ক, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।