শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

৬ ক্রিকেটারের বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটের বিরতির মাঝেই দেশের ক্রিকেটাঙ্গণে বড় ধরনের ওলট পালট হয়ে গেল। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন অফ ফর্মে থাকা ৬ তারকা ক্রিকেটার। বাদ পড়া তাসকিন আহমেদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন ও কামরুল ইসলামদের বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত বলা হচ্ছিল। এবার তাদের ওপর থেকে বিসিবির ছায়া সরে যাওয়ায় ক্রিকেটাঙ্গণে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়াটা একজন ক্রিকেটারের জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে মাশরাফি বলেন, ‘তারা বাংলাদেশ দলের সত্যিকারের ভবিষ্যৎ, তাদের সমর্থন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমার জায়গা থেকে আমি পিছপা হব না। যত প্রকার সমর্থন দেওয়ার তাদের দেব। জানি বাংলাদেশের এত বেশি বিকল্প খেলোয়াড় নেই। ধারাবাহিকতা বাড়িয়ে যদি তারা ফর্মে ফিরে আসে, লম্বা সময় ধরে তারা বাংলাদেশকে সেবা দিতে পারবে।’

‘একসময় সাকিব-তামিম বা আমরা এমনই ছিলাম। বলতে পারেন, ওই সময় প্রতিদ্বন্দ্বিতা এতটা ছিল না বলে আমরা টিকে গেছি। তাদের কাছে প্রত্যাশাটা অনেক। একটু খারাপ করলেই সামাজিক যোগাযোগমাধ্যম সোচ্চার হয়ে ওঠে। ক্রিকেট খেলাটা এখন অনেক কঠিন হয়ে গেছে। ছোটখাটো বিষয়ে অনেক বেশি সমালোচনা হয়। ২২-২৩ বছর বয়সে এত সমালোচনা নিয়ে ধারাবাহিক ভালো খেলা অনেক চ্যালেঞ্জিং। কারও বেড়ে ওঠাও তো এত পেশাদারির মধ্যে হয় না। আমরা সিনিয়ররা যারা আছি, তাদের সহযোগিতা করব। তাদেরও চেষ্টা করতে হবে, তারা যেন নিজেদের সেরা ফর্মে আসতে পারে।’

কেন্দ্রীয় চুক্তি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে ম্যাশ বলেন, ‘প্রথমত, যত দিন ধরে খেলছি, বেতনের ভেতর আছি কি নেই, এসব নিয়ে ভাবিনি। আমার কাছে এটা কখনোই পরিষ্কার নয়। আমার সব সময়ই প্যাশন ছিল ক্রিকেট খেলা। ওই প্যাশন নিয়ে ক্রিকেট খেলছি। ‘বেতন একজন খেলোয়াড়ের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। দেশের বেশির ভাগ খেলোয়াড় এসেছে মধ্যবিত্ত পরিবার থেকে। পরিবারের ওপর বেতন বা তার খেলার বিরাট প্রভাব থাকে। তবে সিদ্ধান্তটা বোর্ডের। কজনকে বেতন দেবে না দেবে এটা তাদের সিদ্ধান্ত।’

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া মানে জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। চুক্তির বাইরে থেকেও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ আছে। পারফর্মেন্স দেখালে বছরের মাঝপথেও চুক্তিতে ফেরার ইতিহাস বাংলাদেশে আছে। তাই মাশরাফি বললেন, ‘একজন খেলোয়াড়ের জন্য বেতন গুরুত্বপূর্ণ। একই সময়ে তাকে ততটুকু আবেগ দিয়েও খেলতে হবে। আমার বিশ্বাস, সবাই সেভাবে খেলছে। পারফরম্যান্স সব সময়ই একই গ্রাফে চলে না। কারও কখনো ভালো যায়, কারও কখনো খারাপ। বেতনের বিষয়টা নির্ভর করে পারফরম্যান্সের ওপর, এটাও সত্য।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com