শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

৫৮ রানে অলআউটের লজ্জায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:: টিম সাউদির ইয়র্কারটা যখন মঈন আলীর অফ স্টাম্প ভেঙে দিল, তখন ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ২৩! ঠিক এমন এক পরিস্থিতিতে টেস্টে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ডের শঙ্কাটা বেশ ভালোভাবেই পেয়ে বসেছিল ইংলিশদের।

১৯৫৫ সালে অকল্যান্ডের ইডেন পার্কে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। টেস্টের সর্বনিম্ন রান সেটিই। প্রায় ৬৩ বছর পর সেই একই মাঠে লজ্জাটা আজ ইংল্যান্ডকে ফিরিয়ে দিতে যাচ্ছিল কিউইরা। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না।

বিশ্ব রেকর্ড না হলেও ২৭ রানে ৯ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জাটা ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছিল ঠিকই। ১৮৮৭ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড নিজেদের সর্বনিম্ন ৪৫ রান করেছিল।

নয় নম্বরে নামা ক্রেইগ ওভারটনের ২৫ বলে ৩৩* রানে সেই লজ্জাও এড়িয়েছে জো রুটের দল। অকল্যান্ডে দিবারাত্রির টেস্টে ৫৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। শেষ উইকেট জুটি ৩১ রানের। বাকি ৯ উইকেট জুটিতে এসেছে মাত্র ২৭!

ইংল্যান্ডের ইনিংসে ওভারটন ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র একজন- মার্ক স্টোনম্যান (১১)। আর সবার রানগুলো টেলিফোন ডিজিট। ডাক মেরেছেন পাঁচজন!

নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট সুইং বোলিংয়ের অনুপম এক প্রদর্শনীতে ৩২ রানে ৬ উইকেট নিয়ে ধ্বংস করে দিয়েছেন ইংল্যান্ডকে। তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন আরেক পেসার টিম সাউদি। ইংল্যান্ডের ইনিংসের ২০.৪ ওভারই করেছেন এই দুজন। ইংল্যান্ডের ইনিংস টিকেছে মাত্র এক ঘণ্টা ৩৪ মিনিট! ক্রিকইনফো

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com