শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুরু থেকেই এবার দারুণ পারফর্ম করে যাচ্ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। বল হাতে যেমন দারুণ ধারাবাহিক, তেমনি ব্যাট হাতেও ঝলসে উঠছিলেন নিয়মিত। আগের ৭ ম্যাচে ১৯ উইকেট নিয়ে মাশরাফী তার ক্যারিয়ারের শুরুর সময়গুলোর কথাই মনে করাচ্ছিলেন।
মঙ্গলবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেই মাশরাফী রূদ্র মূর্তি ধারণ করলেন। ৬ উইকেট তুলে নেওয়ার পথে করলেন হ্যাটট্রিক। ৫০তম ওভারে টানা ৪ বলে ৪ উইকেট তুলে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
আবাহনীর দেওয়া ২৯১ রানের লক্ষ্যে খেলতে নেমে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরিতে জয়ের দিকেই এগোচ্ছিল অগ্রণী। কিন্তু সেই দলটাই হার মানতে বাধ্য হলো মাশরাফির দারুণ বোলিংয়ের সামনে। শেষ ওভারে জিততে ১২ রান প্রয়োজন ছিল অগ্রণীর। হাতে চার উইকেট। কিন্তু মাশরাফী একে একে ফিরিয়ে দেন ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম ও ফজলে রাব্বীকে। ১ বল হাতে রেখেই শেষ হয় অগ্রণীর ইনিংস। আবাহনী জয় পায় ১১ রানে। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ৫ উইকেট পেলেন মাশরাফী।
অস্ট্রেলিয়া এবং বেশ কিছু দেশে এভাবে ৪ বলে ৪ উইকেট শিকার করলে সেটিকে বলে ‘ডাবল হ্যাটট্রিক’। এটা বলা হয় দুটি সিকোয়েন্সে ব্যাপারটিকে ভাগ করে। ১,২,৩ মানে হ্যাটট্রিক। এরপর ২,৩ ও ৪ এ আরেক হ্যাটট্রিক। কিন্তু আনুষ্ঠানিক স্বীকৃতি নেই এভাবে ‘ডাবল হ্যাটট্রিক’ এর। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার ৪ বলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪ উইকেট নেওয়াকে তাই একটি হ্যাটট্রিক ধরা হয়।