শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক:: লা লিগায় একের পর এক ব্যর্থতার পর রিয়াল মাদ্রিদ আর ক্রিশ্চিয়ানো রোনালদো ছিলেন সমালোচকদের নিশানায়। কোচ জিদানের চাকরি যায় যায় অবস্থা। এই অবস্থায় সেই লা লিগার ম্যাচেই মৌসুমের প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন সিআর সেভেন। রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে লেভান্তের মাঠে দুবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারিয়েছিল মাদ্রিদের ক্লাবটি।

রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সুন্দর শুরু করে রিয়াল। ৪৫ সেকেন্ডের মাথায় বাঁ-দিক থেকে রোনালদোর ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে দেন লুকাস ভাসকেস। ২৭তম মিনিটে বাঁ-দিক থেকে মার্সেলোর পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে অনায়াসে গোলকিপারকে বোকা বানান রোনালদো। পাঁচ মিনিট পর রোনালদোর কাছ থেকে বল পেয়েও গোলপোস্টে পাঠাতে পারেননি ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা।

৩৪তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড ভাসকেসের পাস পেয়ে প্রথম ছোঁয়ায় উঁচু শটে ব্যবধান আরও বাড়ান টনি ক্রুজ। ৪ মিনিট পর লুকা মদ্রিচের কর্নারে অনেকটা লাফিয়ে হেডে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। ৭৪তম মিনিটে ব্যবধান কমান স্প্যানিশ ফরোয়ার্ড বাউতিস্তা। এর ৬ মিনিট পরেই মৌসুমে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন পর্তুগিজ সুপারস্টার।

ডি-বক্সের বাইরে থেকে গ্যারেথ বেলের জোরালো শট গোলকিপার ঠিকমতো ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বল পেয়ে অনায়াসে জালে পাঠিয়ে দেন টানা দুই বারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। এবারের লিগে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের এটা একাদশ গোল। ৮৩তম মিনিটে আরেকটি গোল শোধ করেন ২০১৩-১৫ পর্যন্ত রিয়ালে খেলা স্প্যানিশ মিডফিল্ডার আসিয়ের ইয়ারামেন্দি।

২২ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। শনিবারের আরেক ম্যাচে মালাগাকে ১-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ব্রাজিল সুপারস্টার নেইমারের পিএসজির মুখোমুখি হবে জিদানের শিষ্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com