বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

হামজার নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ছবি সংগৃহীত

মুজিবর রহমান বাবু, স্পোর্টস রিপোটার : শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে নতুন নেতৃত্ব নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরী। তার নেতৃত্বেই বুধবার (১১ নভেম্বর) রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই ম্যাচের একাদশে ফিরেছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও। ফিফার আন্তর্জাতিক বিরতির বাইরে টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ায় ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে দলের সঙ্গে ছিলেন না হামজা ও ফারহান। গত ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন তারা। শ্রীলঙ্কার বিপক্ষে দুজনকেই শুরুর একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ টমাস ডুলি।

ভুটানের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে এবার তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অনুশীলনে পায়ের চোটে পড়ায় বিশ্বনাথ ঘোষকে পাওয়া যাচ্ছে না। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে বাংলাদেশের জয়সূচক একমাত্র গোলটিও এসেছিল তার পা থেকে। এ ছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের পরিবর্তে খেলবেন ফারহান আলী ওয়াহিদ এবং জামাল ভূঁইয়ার জায়গায় ফিরেছেন হামজা চৌধুরী।

অধিনায়কত্বেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগে তপু বর্মণকে দলের অধিনায়ক করা হলেও প্রথম ম্যাচের ওয়ার্ম-আপে চোট পেয়ে ছিটকে যান তিনি। এরপর নেতৃত্বের ভার সামলান জামাল ভূঁইয়া। এবার হামজার প্রত্যাবর্তনে অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তার হাতে।

বাংলাদেশের জার্সিতে এ পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন হামজা। তবে জাতীয় দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষেই প্রথমবার মাঠে নামছেন এই তারকা মিডফিল্ডার। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার নেতৃত্বে জয় তুলে নেওয়াই এখন বাংলাদেশের লক্ষ্য।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), হামজা চৌধুরী (অধিনায়ক), জিদান ইউসুফ, রাকিব হোসেন, তারিক কাজী, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, কাজেম শাহ, সাদ উদ্দিন, শমিত সোম ও মোহাম্মদ ইব্রাহিম।হামজার অধিনায়কত্বে মাঠে নামছে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com