বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম

আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন অভিনেত্রী শবনম ছবি সংগৃহীত

একুশের কন্ঠ বিনোদন ডেস্ক : প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সংগীতজীবনের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বশির আহমেদ সম্মাননা’। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম।

বশির আহমেদের দুই উত্তরসূরি হোমায়রা বশির ও রাজা বশিরের উদ্যোগে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।

আয়োজক সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় শুরু হবে অনুষ্ঠান। এতে চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তরুণ প্রতিভা এবং গুণী শিল্পীদেরও সম্মাননা জানানো হবে।

১৯৪৬ সালে ঢাকার নবাবপুরে জন্মগ্রহণ করেন শবনম। ষাটের দশকে করাচির চলচ্চিত্র অঙ্গনে অভিনয়জীবন শুরু করেন তিনি। দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে বাংলা ও উর্দু ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেন এই অভিনেত্রী।

শবনম অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আম্মাজান’। কাজী হায়াত পরিচালিত এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। চলচ্চিত্রটি তার অভিনয়জীবনের শেষ কাজ হিসেবেও পরিচিত।

বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন শবনম। বিশেষ করে পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনে তার জনপ্রিয়তা ছিল ব্যাপক। অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের মর্যাদাপূর্ণ নিগার পুরস্কারও অর্জন করেছেন তিনি।

এবারের ‘বশির আহমেদ সম্মাননা’য় আজীবন সম্মাননা পাওয়ার মধ্য দিয়ে দীর্ঘ অভিনয়জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি পেতে যাচ্ছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com