বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ধাপভিত্তিক সময়সূচি ও কোন ইউনিয়নে কবে ভোট অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন।
বৈঠকের আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উপজেলা সদর ও সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে।
আগামী ১৬ নভেম্বরের বৈঠকে এসব প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় আসবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।