বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ডাকাতিরোধে রাস্তার জঙ্গল কাটলো প্রশাসন, পরিদর্শন করলেন এমপি আশফাক

নিজস্ব প্রতিবেদক:: সড়কে ডাকাতিরোধে রাস্তার দু’পাশের ঝোপের গাছ ও জঙ্গল কেটে পরিস্কার করলো নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ। জঙ্গলে পালিয়ে থেকে রাতে ঢাকা-বান্দুরা সড়কের টিকরপুর ও বেনুখালি এলাকায় রাস্তা আটকে ডাকাতি করে একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি এক রাতে ১০/১২ টি গাড়ী আটকে ডাকাতি সংঘটিত হয়। এরপর হতেই প্রশাসনের টনক নড়ে।

ফলে বুধবার সকাল থেকে গ্রাম পুলিশের সহায়তায় রাস্তার দুই ধারের গাছপালা ও জঙ্গল কেটে ফেলা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক রাস্তাটি পরিদর্শন করেন।

উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানায়, ঢাকা যাতায়াতে এ সড়কটির নির্জন এলাকা টিকরপুর-বেনুখালীর রাস্তায় রাতের বেলায় গাছ ফেলে প্রতিনিয়ত ডাকাতির ঘটনা ঘটে। প্রায় বিগত ৩০ বছর ধরেই এখানে অপরাধ সংঘটিত হয়। গত শুক্রবার রাতে টিকরপুর মল্লিক ফিলিং স্টেশনের কাছ থেকে ১০/১২টি গাড়ী থামিয়ে সর্বস্ব লুটে নেয় ডাকাতদল। এরপর উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উদ্যোগ নেয়। বুধবার সকাল থেকে ৭৫ জন গ্রাম পুলিশ জঙ্গল কেটে পরিস্কার কাজে অংশ নেয়।

পরিদর্শনকালে এমপি আশফাক বলেন, দোহার-নবাবগঞ্জ প্রবাসী অধ্যষিত এলাকা। রাতে অনেকেই প্রবাসে যাতায়াতে এ রাস্তাটি ব্যবহার করে। জনগণের যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তার দুই পাশের জঙ্গল কেটে দেয়া হয়। যাতে অপরাধীরা এসব ঝোপের আড়ালে পালিয়ে থেকে খারাপ কাজ করতে না পারে। এছাড়া সড়কে প্রতিনিয়ত পুলিশ টহল জোরদর করার বিষয়েও তিনি তাগিদ দেন।

তিনি আরো বলেন, নিষিদ্ধ সংগঠন ও উগ্রবাদীরা দেশকে অরাজক পরিস্থিতিতে ফেলতে চেষ্টা করছে। তারা সুযোগ পেলে রাস্তা আটকে শুধু ডাকাতি নয়, হত্যার ঘটনাও ঘটাতে পারে। তাই সকলকে সজাগ থেকে এ সমাজবিরোধী গোষ্ঠিকে দমাতে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াছিন খন্দকার, নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফসহ জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

একই দিন সংসদ সদস্য আশফাক নবাবগঞ্জ শহীদ মিনারে শিক্ষার্থীদের সাথে উম্মুক্ত আলোচনায় নানা প্রশ্নের জবাব দেন। এছাড়া দুপুরে তিনি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহারের জন্য নিজ উদ্যোগে ৫০টি চাদর, বিছানা ও বালিশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com