বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন নির্দেশনা, মানতে হবে ৫ নিয়ম

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট নিয়ে নতুন নির্দেশনা, মানতে হবে ৫ নিয়ম ছবি সংগৃহীত

একুশের কন্ঠ অনলাইন ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আরও বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগের নির্ধারিত ১৫ নভেম্বরের পরিবর্তে এখন আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন মোটরসাইকেল মালিকরা। তবে নম্বরপ্লেট তৈরি ও স্থাপনের ক্ষেত্রে সংস্থাটির বেঁধে দেওয়া পাঁচটি নির্দেশনা অনুসরণ করতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর দৃশ্যমান রাখা বাধ্যতামূলক। এ কারণে মালিকদের নিজ উদ্যোগে নির্ধারিত মান বজায় রেখে সামনের নম্বরপ্লেট লাগাতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যে পাঁচ নির্দেশনা মানতে হবে:
১. নির্দিষ্ট ধাতু ব্যবহার: সামনের নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করতে হবে।
২. রং ও লেখার ধরন: প্লেটের পটভূমি হবে সাদা এবং নিবন্ধন নম্বর লিখতে হবে কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায়।
৩. বাড়তি নকশা নিষিদ্ধ: নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা, সাজসজ্জা বা শোভাবর্ধক উপাদান রাখা যাবে না।
৪. স্কুটারের মাপ: স্কুটারের নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা রাখতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।
৫. অন্যান্য মোটরসাইকেলের মাপ: স্কুটার ছাড়া অন্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। পাশাপাশি নিবন্ধন নম্বর একটি অনুভূমিক রেখায় লিখতে হবে। উদাহরণ: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

বিআরটিএর পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে এসব নিয়ম অনুসরণ করে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের জন্য সংশ্লিষ্ট মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com