বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ ক্রীড়া ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখে গ্রুপপর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। এ জয়ের মধ্য দিয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়ায় আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল পাকিস্তান।
ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি আক্রমণাত্মক ফুটবলে মনোযোগী ছিল দুই দল। তবে প্রথমার্ধে আক্রমণে তুলনামূলক এগিয়ে ছিল ভারত। পাল্টা আক্রমণে মালদ্বীপও কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুহাইল আহমেদ ভাট। ডি-বক্সের ভেতরে আব্দুল রাব্বি আনজুকান্দনকে ফাউল করায় পেনাল্টি পায় ভারত। স্পটকিক থেকে নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। এর আগে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা সুহাইলের চলতি টুর্নামেন্টে এটি তৃতীয় গোল।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে আক্রমণের গতি বাড়ায় মালদ্বীপ। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও অফসাইড ও ভারতীয় গোলরক্ষক প্রিয়ানস দুবের দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি তাদের।
বিশেষ করে ম্যাচের ৮৫তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে মালদ্বীপের নেওয়া একটি বিপজ্জনক শট অসাধারণ দক্ষতায় প্রতিহত করেন প্রিয়ানস। যোগ করা সময়ে ইথান ইব্রাহিম জাকির সামনে সমতা ফেরানোর আরেকটি সুযোগ আসে। তবে তার নেওয়া শট সরাসরি ভারতীয় গোলরক্ষকের গায়ে লাগলে শেষ আশাটুকুও শেষ হয়ে যায় মালদ্বীপের।
শেষ পর্যন্ত সুহাইলের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিফাইনালে উঠেছে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া পাকিস্তানও আগেই শেষ চার নিশ্চিত করেছে। বিপরীতে, টানা দুই ম্যাচে পরাজয়ে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিতে হয়েছে মালদ্বীপকে।