সোমবার, ২২ Jun ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

হাইতিকে উড়িয়ে দিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:: মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে সেলেসাওরা।

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শনিবার (২০ জুন) হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধের দাপট ধরে রেখে দ্বিতীয়ার্ধে কোনো গোল না পেলেও পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছে সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই হাইতির রক্ষণভাগকে চাপে রাখে ব্রাজিল। যদিও ১২ মিনিটে রাফিনিয়ার একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। মিনিট দশেক পরে অবিশ্বাস্যভাবে সহজ একটি সুযোগ নষ্ট করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে সব হতাশা পাশ কাটিয়ে অবশেষে ২৩ মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। ভিনিসিয়ুসের শট হাইতি গোলরক্ষক জনি প্লাসিড ঠেকালেও ফিরতি বলে লক্ষ্যভেদ করেন মাতেউস কুনহা।

প্রথম গোলের পর ব্রাজিলের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে। ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন কুনহা। ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ভিনির বাড়ানো ডিফেন্সচেরা থ্রু পাস থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান। এর চার মিনিট পর চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে রাফিনিয়াকে। তার পরিবর্তে মাঠে নামেন ১৯ বছর বয়সী উইঙ্গার রায়ান।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র নিজে গোলরক্ষকের দুই পায়ের ভেতর দিয়ে বল পাঠিয়ে অসাধারণ এক ফিনিশিংয়ে ব্যবধান ৩-০ করেন। দ্বিতীয়ার্ধে রক্ষণ সামলে আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ৬৪ মিনিটে জোড়া গোল করা কুনহা এবং লুকাস পাকেতাকে তুলে নিয়ে এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে মাঠে নামান কোচ আনচেলত্তি।

৭৮ মিনিটে বদলি খেলোয়াড় এনদ্রিক বল জালে জড়ালেও দুর্ভাগ্যবশত সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে মরক্কোর সমান অবস্থানে থাকলেও উন্নত গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে উঠে এসেছে আনচেলত্তির শিষ্যরা।

অন্যদিকে, প্রথম ম্যাচে হাইতিকে হারানো স্কটল্যান্ড তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে স্কটিশরা। সেই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপ ‘সি’ থেকে নকআউট পর্বে ওঠার চূড়ান্ত সমীকরণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com