শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পায় ‘কাজরা রে’ গানটি। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ৬৭৭ মিলিয়ন। মুক্তির পর ২১ বছর কেটে গেলেও গানটির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। এ গানের শুটিংয়ের স্মৃতি রোমন্থন করেছেন অভিষেক বচ্চন। পাশাপাশি জানিয়েছেন, ‘কাজরা রে টু’ গানে পারফর্ম করতেও প্রস্তুত তিনি।
বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। ২০০৫ সালে ‘বান্টি আউর বাবলি’ সিনেমায় পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে পর্দা ভাগ করে নেন। কেবল তাই নয়, সিনেমাটির আলোচিত ‘কাজরা রে’ গানে অমিতাভ-অভিষেকের সঙ্গে পারফর্ম করেন ঐশ্বরিয়া রাই। যদিও তখন ঐশ্বরিয়ার শ্বশুর হননি অমিতাভ বচ্চন। তবে এর দুই বছর পরই অভিষেকের গলায় মালা পরান এই প্রাক্তন বিশ্ব সুন্দরী।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ‘কাজরা রে’ গানের শুটিংয়ের স্মৃতিচারণ করেন অভিষেক বচ্চবন। তিনি বলেন, কাজরা রে’ গানের শুটিংয়ের মতো এত মজা করে আর কোনো গানের শুটিং করেছি কি না, তা জানি না। পুরো ব্যাপারটাই বিশাল আনন্দের পার্টি ছিল। আমরা ভীষণ উপভোগ করেছিলাম। আমার এখনো মনে আছে, যখন শুটিং করছিলাম, তখন আমার জন্মদিন ছিল। শুটিং সেটে আমার জন্মদিনও উদযাপন করেছিল।
সিনেমাটির পরিচালক শাদ আলী ঘণ্টার পর ঘণ্টা গানটি বাজিয়েছিলেন। একপর্যায়ে সেটে সবাই নাচের পার্টিতে মেতে ওঠেন। শাদ সেই আনন্দের কিছু মুহূর্তও ক্যামেরাবন্দি করে গানের দৃশ্যের মধ্যেও ব্যবহার করেন বলেও জানান অভিষেক।
ঘটনা বর্ণনা করে অভিষেক বচ্চন বলেন, শাদ যা করেছিলেন, তা হলো- গানটি চালিয়ে দিয়েছিলেন। আমরা প্রায় ৪ ঘণ্টা শুধু নাচের পার্টি করেছি। ঠিক ওই সময়ে আমাদের অনেকটা শুট করেছিলেন। আমরা সেটে যেভাবে মজা করছিলাম, উচ্ছ্বাসে মেতেছিলাম, সেই দৃশ্যগুলোর কিছু অংশ গানের মধ্যে ব্যবহার করেছিলেন। গানটি এখন কাল্টের মর্যাদা পেয়েছে। গানটি আমার ভীষণ প্রিয়। শুটিং করে দারুণ আনন্দ পেয়েছিলাম। স্মৃতিগুলোও অসাধারণ, খুব মজা হয়েছিল।
কখনো ‘কাজরা রে ২.০’ করার সুযোগ পেলে আপনি করবেন কি না? এমন প্রশ্নের জবাবে অভিষেক বচ্চন বলেন, আমি পুরোপুরি রাজি। অবশ্যই করতে চাই। তবে এর জন্য আপনাকে ঐশ্বরিয়া আর আমার বাবাকে রাজি করাতে হবে।
‘বান্টি আউর বাবলি’ সিনেমায় অভিষেক বচ্চন রানী মুখার্জির সঙ্গে এক প্রতারকের চরিত্রে অভিনয় করেন। অন্যদিকে, অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন সেই পুলিশ কর্মকর্তার ভূমিকায়, যে তাদের পেছনে ছুটছিলেন। সিনেমার শেষদিকে অমিতাভ ও অভিষেকের চরিত্র মুখোমুখি হয়। আর ‘কাজরা রে’ গানে বিশেষ উপস্থিতি ছিল ঐশ্বরিয়া রাইয়ের। প্রাক্তন বিশ্ব সুন্দরীর নাচে বুঁদ হয়েছিলেন সিনেমাপ্রেমীরা।
‘কাজরা রে’ গানের কথা লিখেছেন গুলজার। সুর করেছেন শঙ্কর এহসান লয়। গানটি গেয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেব ও জাভেদ আলী। গানটির কোরিওগ্রাফি করেছিলেন বৈভবী মার্চেন্ট।