শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দীতে বিএনপির জনসভা শুরু

অনলাইন ডেস্ক::
প্রায় এক বছর পর খোলা জায়গায় জনসভা করছে বিএনপি। রোববার (৩০ সেপ্টেম্বর)  দুপুর ১২টার পর দলটির সাংস্কৃতিক সংগঠন জাসাস কর্মীদের সম্মিলিত গণসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু হয়। এ জনসভা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
গতকাল শনিবার জনসভার অনুমতি পাওয়ার পরই শুরু হয় সভামঞ্চ তৈরির কাজ। মাঠ পরিদর্শন করেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
জনসভামঞ্চের পেছেনে যে ব্যানার টাঙানো হয়েছে সেখানে জনসভার প্রধান অতিথি হিসেবে লেখা রয়েছে বেগম জিয়ার নাম।

দুপুর ২টা থেকে শুরু হয়।নেতাদের বক্তৃতা। জনসভায় অন্তত অর্ধশত নেতা বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ ছাড়াও স্থায়ী কমিটির অন্যান্য সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলীসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেবেন।

জনসভাকে ঘিরে ইতোমধ্যেই ঢাকামহানগরী এবং আশপাশের জেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন।

‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন,’ ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ লেখা সম্বলিত ব্যানার ফেস্টুনসহ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠছে সোহরাওয়ার্দী উদ্যান।

সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com