শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মু. হায়দার আলী (রানা) ভ্রাম্যমাণ প্রতিনিধি:: নাটোরের সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নের বিনাহার (মাড়িয়া) গ্রামে একটি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে পুকুরের মালিকের প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (৩ অক্টোবর) সকালে বিনাহার (মাড়িয়া) গ্রামের বাসিন্দা মো. জিয়াদ মন্ডলের (৪২) বাড়ির পাশে পুকুরে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ মৃত অবস্থায় পানিতে ভেসে উঠতে দেখা যায়।

পুকুরের মালিকের অভিযোগ, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় কে বা কারা পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে মাছ মরে পানিতে ভেসে উঠতে দেখে বিষয়টি তাদের নজরে আসে।

পুকুরের মালিকের দাবি, পূর্বশত্রুতার জের ধরে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং মাছগুলো কী কারণে মারা গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনায় তাদের প্রায় ৭০ হাজার টাকার মাছ নষ্ট হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন, জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগের অভিযোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com