শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

সারা দেশ জানে হাওয়া ভবনের পরিকল্পনার কথা: কাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘২১ আগস্টের কিলিংয়ে প্রধানমন্ত্রী টার্গেট ছিলেন। বিএনপি তখন ক্ষমতায়। সারা দেশ জানে, হাওয়া ভবনের পরিকল্পনার কথা। এগুলো এখন আর গোপন কোনো বিষয় নয়।’

শনিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন টানেল পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আশা করি, বাস্তবতার নিরিখেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে। ঘটনা যা ঘটেছে, সেই নিরিখেই রায় হবে। বিচার বিভাগ তার স্বাধীন কার্যক্রমের আওতায় স্বাধীন সিদ্ধান্ত দেবে, রায় দেবে।’

এই মামলার রায়ে বিএনপি নতুন করে রাজনৈতিক সংকটে পড়বে— শুক্রবার তার দেওয়া এমন বক্তব্যে পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ‘রায়ে বিএনপির অনেক নেতার জড়িত হওয়ার আশঙ্কা আছে। সুতরাং তারা যদি কনভিকটেড হন, সামনে জাতীয় নির্বাচন, তাহলে তো বলাই যায় যে তাদের অস্তিত্ব কিছুটা সংকটের মুখে পড়বে।’

তবে বিএনপি একটি বড় দল এবং তাদের অস্তিত্ব থাকবে— এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি বলছি, [বিএনপির] রাজনৈতিক অস্তিত্ব কিছুটা সংকটের মুখে পড়বে। সংকটে তো পড়তেই পারে। কারণ, বিএনপি গ্রেনেড হামলার দায় এড়াতে পারে না।’

সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারে কোনো হস্তক্ষেপ করছে না বলেও এ সময় দাবি করেন সেতুমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com