শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছরের কারাদণ্ড

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) আর্থিক ক্ষতিসাধনের ঘটনায় দুদকের দায়ের করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ চারজনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার সকাল ১১টার পর ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৯ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় ২৮ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত।

মামলার অপর তিন আসামি হলেন- ঢাকা সিটি করপোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ব্যবস্থাপক এইচ এম তারেক আতিক।

মামলার অভিযোগে থেকে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে মামলার আসামিরা ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কারপার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন। ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে এক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন। কিন্তু পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপর আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ফেব্রুয়ারি ২০০৩ সাল হতে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষতি করেছেন।

এ ঘটনায় ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম। পরে ওই বছরের ৮ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাদেক হোসেন খোকাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এরপরে ২০১৫ সালের ২০ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় সাদেক হোসেন খোকাকে পৃথক ধারায় ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ১১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত মাস কারাদণ্ডের আদেশ দেন। রায়ে সাদেক হোসেনের ১০ কোটি ৫ লাখ ২১ হাজার ৮৩২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করে তা রাষ্ট্রের অনুকূলে জমা করার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু কিডনি, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগের উন্নত চিকিৎসার জন্য ২০১৪ সালে যুক্তরাষ্ট্রে যান সাদেক হোসেন খোকা। এখনও তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com