বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ২৪.কম :: টি২০ বিশ্বকাপ বাংলাদেশ দলের মিশন শুরু হবে ওমানে। প্রাথমিক রাউন্ডের ৩ ম্যাচ খেলার জন্য আগেভাগেই দেশটিতে গিয়ে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা বেশ আগে থেকেই। তবে সেই ক্যাম্পে শুধু অনুপস্থিত থাকবেন টি২০ ক্রিকেটে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান ও টি২০ র্যাঙ্কিংয়ে বিশ্বের ৮ নম্বর বোলার মুস্তাফিজুর রহমান। কারণ তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) খেলতে অনেক আগেই আরব আমিরাত গেছেন। এ দুই ক্রিকেটার বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ৯ অক্টোবর। সেদিন ওমান থেকে আবুধাবি যাবে বাংলাদেশ দল ১২ ও ১৪ অক্টোবর দুই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে। আর ৮ অক্টোবর পর্যন্ত আইপিএল খেলার ছাড়পত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পেয়েছেন সাকিব-মুস্তাফিজ। এজন্যই তারা ওমানে আগেভাগে না গিয়ে একেবারে আবুধাবিতে দুই প্রস্তুতি ম্যাচেই দলের সঙ্গে যোগ হবেন। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সাকিব কলকাতা নাইট রাইডার্সে এবং মুস্তাফিজ রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। যদিও সাকিব ৩ ম্যাচ খেলেছিলেন শুরুতে, এরপর স্থগিত হওয়া আইপিএল দ্বিতীয় দফা শুরুর পর সব ম্যাচেই সাইডবেঞ্চে বসে আছেন। কলকাতার দুই ম্যাচ বাকি। দলটির কোচ ব্রেন্ডন ম্যাককুলাম জানিয়েছেন, শেষ দুই ম্যাচে খেলতে পারেন প্রাথমিক পর্ব থেকেই ছিটকে পড়ার শঙ্কায় থাকা কেকেআর। আর মুস্তাফিজ রাজস্থানের অন্যতম নির্ভরযোগ্য বোলার। এই মুহূর্তে আন্তর্জাতিক টি২০ র্যাঙ্কিংয়ে পেসারদের মধ্যে বিশ্বে এক নম্বর অবস্থানে কাটার মাস্টার। চলতি আইপিএলেও তিনি মাত করে দিয়েছেন দুর্দান্ত বোলিংয়ে। তাই রাজস্থানের হয়ে শেষ দুই ম্যাচেও খেলবেন ১২ ম্যাচে ১৩ উইকেট নেয়া এ বাঁহাতি- এতে কোনো সন্দেহ নেই। উভয় দলেরই শেষ ম্যাচ ৭ অক্টোবর এবং পরস্পরের মুখোমুখি হবেন সেদিন সাকিব-মুস্তাফিজ। আর এর মাধ্যমে তাদেরও এবারের মতো আইপিএল যাত্রা শেষ হয়ে যাবে। কেকেআর কিংবা রাজস্থান যদিও প্লে-অফে ওঠে সেক্ষেত্রে আর খেলার সুযোগ থাকবে না সাকিব-মুস্তাফিজের।
১৭, ১৯ ও ২১ অক্টোবর বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডের তিনটি ম্যাচই আছে যথাক্রমে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। সাকিব-মুস্তাফিজকে নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন বলেছেন, ‘তাদের তো আইপিএলের জন্য ৮ তারিখ পর্যন্ত এনওসি আছে। ওরা আমাদের সঙ্গে প্রস্তুতি ম্যাচের আগে আবুধাবিতেই যোগ দেবে আশা করি।’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে বলা হয়েছে, ‘তাদের দু’জনেরই প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। ৯ অক্টোবর তারা দলের সঙ্গে যোগ দেবেন।’
৮ অক্টোবর পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র আছে সাকিব-মুস্তাফিজের। তাই ওমানে যোগ দেবেন না তারা। বাংলাদেশ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ওমান থেকে আবুধাবি আসবে ৯ অক্টোবর। তখনই দলের সঙ্গে বিশ্বকাপ মিশন শুরু করবেন সাকিব-মুস্তাফিজ। ১২ ও ১৪ অক্টোবর দুই প্রস্তুতি ম্যাচ খেলে আবার ১৫ অক্টোবর দলের সঙ্গে ওমানে যাবেন তারা।