শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সরকার ‘মিথ্যা’ মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে-মওদুদ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার ‘মিথ্যা’ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে। উচ্চ আদালত জামিন দিলেও নিম্ন আদালত জামিন দিচ্ছেন না। তারা সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। মাসদার হোসেন মামলার কার্যকারিতাও নেই। তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি প্রত্যাশা করে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে। বিশেষ করে গ্রামের ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন নিঃসংকোচে। এর বাইরে কোনো নির্বাচন জনগণ মানবে না, হতেও দেবে না।

তিনি বলেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চলছে। মাদকবিরোধী অভিযানের মাধ্যমে সরকার ভিন্ন মত দমন করতে চায়। এর পেছনে সরকারের দুরভিসন্ধি রয়েছে।

মওদুদ বলেন, সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারককে দিয়ে মাদকবিরোধী অভিযানের প্রত্যেক ‘হত্যাকাণ্ডের’ বিচারবিভাগীয় তদন্ত করতে হবে।

ঢাকার জাতীয় প্রেসক্লাবে আজ বুধবার দুপুরে এক সমাবেশে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ সমাবেশের আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, গত নয় বছরে দেশে মাদকের বিস্তার লাভ করেছে। এ সরকারই মাদকের সুযোগ করে দিয়েছে। সরকার এত দিন কোথায় ছিল? হঠাৎ করে কেন মাদকবিরোধী অভিযান শুরু হলো? আসলে এর মাধ্যমে সরকার মানুষ হত্যার লাইসেন্স দিচ্ছে। দেশে আইন না থাকায় বিচারবহির্ভূত হত্যা চলছে। কারণ এ সরকার আইনের শাসন, জনগণের মতামতকে বিশ্বাস করে না। তিনি দাবি করেন, মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের ৮০ থেকে ৯০ শতাংশ মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। ৭৯ জনের যে তালিকা করা হয়েছিল, তাঁদের কেউ ধরা পড়েনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘তাহলে এত দিন যাঁদের ধরলেন, আর মারলেন—তাঁরা কি আওয়ামী লীগের লোক? আমি বলব, অবিলম্বে এসব বন্ধ করুন। প্রকৃতপক্ষে যাঁরা মাদক ব্যবসায়ী, তাঁদের শীর্ষ নেতাদের ধরুন।’

গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির মধ্যেও কে কোথায় আছে, কে রাঘববোয়াল, কে চুনোপুঁটি—তা খোঁজা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে কারা জড়িত, তা দেখা হচ্ছে। তাঁর এ মন্তব্যের জবাবে মওদুদ আহমদ এ মন্তব্য করেন।

সাবেক মন্ত্রী মওদুদ আহমদ আরও বলেন, বর্তমান সরকার নির্যাতন-নিপীড়নে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। কারণ এ সরকারের কোনো জবাবদিহি নেই। এ জন্যই সাংবাদিকদের ওপর বেশি নির্যাতন। এসব নির্যাতন বন্ধ করতে হলে কঠিন আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, মাহমুদুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com