শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: নিরাপদ সড়ক ও কোটা সংস্কারে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে শুধু নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান নয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের সকল মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফখরুল বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ সরকার। সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে জন-জীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। কারো জীবনের কোন নিরাপত্তা নেই। সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে দেশে একের পর এক অঘটন ঘটলেও অনির্বাচিত অবৈধ এ সরকার তা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই জনগণকে এই সরকারের পতন আন্দোলনে যোগ দেয়ার আহবান জানাচ্ছি। সরকারকে অবিলম্বে পদত্যাগের দাবি করছি।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানাই। তিনি বলেন, ‘পরিবহন খাতে ভয়াবহ কান্ড চলছে, পাশবিক অত্যাচার নির্যাতন চলছে। সে কারণেই যার যা খুশি করছে। মনে হচ্ছে সরকার বলে কোন কিছু এটা একটা পুরোপুরি ব্যর্থ সরকার।

প্রধানমন্ত্রী জিয়াউর রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়ে ফখরুল বলেন, গতকাল সরকারের প্রধানমন্ত্রী চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বিষয়টা (শিক্ষার্থীদের আন্দোলন) অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, আবার জিয়াউর রহমানের দিকে আক্রমণ করতে শুরু করেছেন। তিনি(শেখ হাসিনা) বলেছেন মুজিব হত্যার সাথে জড়িত থাকায় জিয়াউর রহমান তার বিচারটা করে যেতে পারলেন না। আর যেহেতু তিনি জীবিত নেই তাই তার (জিয়াউর রহমান) বিচারটাও তিনি করতে পারলেন না।

তিনি বলেন, কোথাও আজ পর্যন্ত কেউ বলেনি এই ঘটনায় জিয়াউর রহমান জড়িত। মজিব হত্যার যে বিচার হয়ে গেলো সেই বিচারে সমস্ত প্রক্রিয়ার মধ্যে কোথাও কোন স্বাক্ষী প্রমাণে জিয়াউর রহমানের নাম নেই। সরকারের এই বিষয়টা সামনে আনার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই বিষয়কে অন্যদিকে নিয়ে যাওয়া।

এসময় তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘মানুষেরও প্রশ্ন থাকতে পারে, আপনি বিদেশ থেকে ফিরে আসার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমানকে নিঃসংশভাবে হত্যা করা হয়েছে। তাই এইসব বিষয় খোঁজতে গেলে আপনাদের কেঁচো খোজতে সাপ বের হয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে আমাদের সেই সন্তানেরা গতকাল যা করেছে, যেভাবে গাড়ী চালকদের লাইসেন্স দেখেছে তাকে সমর্থন জানাই। আমরা যেটা পারিনি তারা সেটা পেরেছে।

সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান,আতাউর রহমান ঢালী সিনিয়র যুগ-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com