শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

সন্ধ্যায় বৈঠকে বসছেন বি চৌধুরী-ড. কামাল

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যুক্তফ্রন্ট ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছেন।

বৃহত্তর জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক হতে যাচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত থাকার কথা রয়েছে যুক্তফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না।

সম্প্রতি বৃহত্তর জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়া বেশ আলোচনায় এসেছে। রাজনৈতিক অঙ্গনে বেশ জোরেশোরেই আলোচনা হচ্ছে বিএনপির জাতীয় ঐক্য গঠনের কথা।

এ দলগুলো এর আগেও একাধিকবার বৈঠকে বসেছেন। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠক হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও আসতে পারে বলে জানা গেছে।

আগামী ২২ সেপ্টেম্বর জাতীয় ঐক্য সামনে রেখে যে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে, এ বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এ ছাড়া জাতীয় ঐক্য প্রক্রিয়ার রূপরেখা নিয়েও নেতারা কথা বলবেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com