শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সংলাপ চেয়ে ফের চিঠি দিচ্ছে ঐক্যফ্রন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক::

একাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম দফা সংলাপে ‘সমাধান’ না আসায় ফের আলোচনায় বসতে চায় জাতীয় ঐক্যফ্রন্ট।

এজন্য দ্বিতীয় দফা সংলাপে বসতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন সরকারবিরোধী নতুন এই জোট।

রোববার সকালেই এই দ্বিতীয় দফা সংলাপের চিঠি আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে পাঠানো হবে।

শনিবার রাতে মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “গত ১ নভেম্বর সংলাপ হয়েছিল জাতীয় ঐক্যফ্রন্টের সাথে। সেই সংলাপে ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে সীমিত পরিসরে আরো আলোচনা হতে পারে।

“আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল প্রধানমন্ত্রীকে আরেকটি চিঠি দেওয়া হবে। যেহেতু উনি বলেছিলেন যে, সংলাপ অব্যাহত থাকবে, স্বল্প পরিসরে আলোচনা হতে পারে। সেই পরিপ্রেক্ষিতে চিঠি আগামীকাল সকালে পাঠানো হচ্ছে। সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা যাতে না করে ইতিমধ্যে ইসিকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই বিষয়টি এই চিঠিতে উল্লেখ থাকবে।”

ফখরুল বলেন, “আমরা আশা করব ভবিষ্যতে সংলাপের ক্ষেত্রে ক্ষুদ্র পরিসরে আলোচনা হবে। আমরা মনে করি, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে এই বিষয়গুলো বিবেচনা করা হবে।”

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাতে সাড়ে ৯টা পর্যন্ত এই বৈঠকে হয়।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, আ স ম আবদুর রব, আবদুল মালেক রতন, মাহমুদুর রহমান মান্না, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মুহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ ভেঙে, খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে একাদশ সংসদ নির্বাচনের দাবি তোলা জাতীয় ঐক্যফ্রন্ট গত রোববার সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠায়।

পরদিনই সংলাপে রাজি হওয়ার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এরই পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর গণভবনে অনুষ্ঠিত হয় বহু আলোচিত সেই সংলাপ। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে কোনো সমাধান না পাওয়ার কথা জানিয়েছিলেন ঐফ্রন্টের নেতা কামাল হোসেন।

এর আগে অবশ্য সংলাপ শেষে বের হয়েই মির্জা ফখরুল ‘সন্তুষ্ট’ নন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com