বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে ঢুকেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা।
রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে গণভবনে ঢোকেন মাশরাফি।
জাতীয় নির্বাচনে অংশ নিতে যেসব মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন শুধু তারাই শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।
রোববার সকাল আটটা থেকে মনোনয়নপ্রত্যাশীরা গণভবনের সংসদ ভবন গেটে এসে উপস্থিত হন। মাশরাফি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ঢোকেন ১০টা ৫৫ মিনিটে।
সরজমিন দেখা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে গণভবনের ১নং গেট দিয়ে প্রবেশ করেন।
গণভবনে ঢোকার জন্য সকাল থেকেই লাইনে দাঁড়ান মনোনয়নপ্রত্যাশীরা। কিন্তু মাশরাফি ঠিক ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রীর বাসভবনে ঢোকেন।
গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে ৩ হাজার ৩৬২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।