শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শুধু জামায়াত নয়, তারেককে নিয়েও আপত্তি যুক্তফ্রন্ট নেতাদের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্য করতে শুধু জামায়াত নয়, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়েও আপত্তি রয়েছে যুক্তফ্রন্ট নেতাদের। লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমানকে বিতর্কিত আখ্যা দিয়ে যুক্তফ্রন্ট নেতারা বলছেন, ঐক্য প্রক্রিয়ায় আসতে চাইলে সে যেই হোক বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের নেতৃত্ব মেনেই আসতে হবে।

আওয়ামী লীগের বিরুদ্ধে একাদশ জাতীয় নির্বাচনে লড়তে বিএনপি এই বৃহত্তর ঐক্য প্রক্রিয়ায় আগ্রহী হলেও শর্তের বেড়াজালে থমকে গেছে তা। ঐক্য চাইলে এখন জামায়াত ছেড়ে মেনে নিতে হবে যুক্তফ্রন্টের নেতৃত্ব।

বিকল্পধারা বাংলাদেশ এর যুগ্ম-মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, ‘আমাদের আলাদা করে বিএনপি’র কাছে দাবি দেওয়ার কিছু নেই। আমরা তো বিএনপি’র সাথে কোনো ঐক্য পথে যাচ্ছি না। এই ঐক্য প্রক্রিয়ার ভেতর যদি তারা ঢোকে তাহলে এই ঐক্য প্রক্রিয়ার মধ্যেই তাদের থাকতে হবে।’

বিএনপি ঐক্য চাইলেও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তি রয়েছে যুক্তফ্রন্টের।

গণফোরাম এর সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ওই দলের ভেতরের লোক জনেরও তাকে নিয়ে আপত্তি আছে। তবে এগুলো অন দ্য রেকর্ড বলে না। এক দলে থেকে ওই দলের ভাইস চেয়ারম্যান সম্পর্কে তো এমন বলা যায় না। তবে সেই সব লোককে আমরা চিহ্নিত করি, যারা দলের লোক জনের কাছে গ্রহণযোগ্য না তবে সবার কাছে গ্রহণযোগ্য।’

বিএনপিকে নিয়ে বৃহত্তর ঐক্য হলে এবং নির্বাচনে এই জোট জয়ী হলেও সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপি’র শীর্ষ নেতার প্রাধান্য থাকবে না বলে জানালেন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জড়িত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, ‘আমরা জয়ী হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন না। তার অনেক সময় আছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তার অনেক যোগ্যতাও আছে।’

বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য সব রাজনৈতিক দলের জন্যই দরজা উন্মুক্ত আছে বলে জানান নেতারা। তবে মেনে নিতে হবে এই প্রক্রিয়ার নেতৃত্ব। সূত্র: ডিবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com