বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শুক্রবার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে শারজাতে দুই দলের টিকে থাকার লড়াই

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুক্রবার ২৯ অক্টোবর বিকেল ৪টা থেকে শারজাতে ও আফগানিস্তান-পাকিস্তান ম্যাচ শুক্রবার ২৯ অক্টোবর রাত ৮টা থেকে দুবাইয়ে। চলতি এই আসরে টানা দুই হারে বিপর্যস্ত ক্যারিবীয় দল এবার ঘুরে দাঁড়াতে উন্মুখ।

বাংলাদেশকে হারিয়েই নিজেদের ফিরে পেতে চায় তারা। উইন্ডিজের মতো বাংলাদেশেরও তাই প্রতিযোগিতায় টিকে থাকতে জয়ের বিকল্প নেই। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের কিছু ভুলে হেরে হতাশাগ্রস্ত বাংলাদেশ প্রথমবার টি২০ ক্রিকেটের সেরা দল ইংল্যান্ডের মুখোমুখি হয়ে বড় ব্যবধানে পরাজিত হয়ে বিপর্যস্ত। সেই পরিস্থিতি পাল্টাতে মরিয়া বাংলাদেশ ফিরে আনতে চায় ইতিহাস।

এই আসরে বিশ্বকাপে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের অভিযানটা প্রায় একই রকমের। বাংলাদেশ দল যদিও প্রাথমিক রাউন্ড পেরিয়ে এসেছে সুপার টুয়েলভে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে সরাসরিই এই পর্বে আছে উইন্ডিজরা। কিন্তু দু’দলই আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দুটিতে হেরেছে। বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে হারে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে। আর ক্যারিবীয়রা হারে পাকিস্তান ও আফগানিস্তানের কাছে। এরপর সুপার টুয়েলভ পর্বে গত আসরের ফাইনালে যে প্রতিপক্ষ সেই ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়ে ৬ উইকেটে পরাস্ত হয়। দ্বিতীয় ম্যাচেও নিজেদের ফিরে পায়নি তারা। দক্ষিণ আফ্রিকার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। সবমিলিয়ে বেশ বিপর্যস্ত পরিস্থিতির মধ্যেই আছে তারা। অথচ টি২০ ক্রিকেটের ইতিহাসে অন্যতম দুই বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল ও কাইরন পোলার্ড এবং টি২০ ইতিহাসের অন্যতম সেরা দুই অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল আছেন এই দলে।

এছাড়াও মারদাঙ্গা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত এভিন লুইস ও নিকোলাস পুরান ছাড়াও আছেন শিমরন হেটমায়ারের মতো ভাল ব্যাটার। কিন্তু তারা কেউ ফর্মে নেই। এই ব্যাটিং লাইনআপের মধ্যে যদি দুয়েকজন আজ জ্বলে ওঠেন তা বাংলাদেশী বোলারদের জন্য দুর্গতি বয়ে আনবে। ক্যারিবীয় বোলিং লাইন অতটা আহামরি নয়, তবে অভিজ্ঞ পেসার জেসন হোল্ডার শেষ মুহূর্তে দলে যোগ হওয়াতে এই বিভাগেও এসেছে ভারসাম্য। ওবেড ম্যাককয়ের ইনজুরিতে রিজার্ভ থেকে দলে এসেছেন হোল্ডার।

ক্যারিবীয় ব্যাটসম্যানদের মতোই ফর্মহীন বাংলাদেশের ব্যাটাররা। যারা রান পেয়েছেন তাদের মধ্যে ধারাবাহিকতা যেমন নেই, তেমনি ঘাটতি রয়েছে দ্রুতগতিতে রান তোলার ক্ষেত্রে। এখন পর্যন্ত ঝড়ো ইনিংস বলতে প্রথম রাউন্ডে দুর্বলতর পাপুয়া নিউগিনির বিপক্ষে মাহমুদুল্লাহর ২৭ বলে ফিফটি ও শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ৩৭ বলে ৫৭ রানের ইনিংস দুটি। এছাড়া অধিকাংশ ইনিংসই ধীরগতির। ওপেনার নাইম শেখ ৪ ম্যাচে দুই অর্ধশতক হাঁকিয়েছেন যার স্ট্রাইক রেট ঝড়ো নয়।

শুক্রবার ২৯ অক্টোবর শুক্রবার বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে। মাহমুদুল্লাহ একটি কার্যকর ফিফটি পেয়েছেন, নিয়মিত কিছু রানও করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com