শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিক্ষার্থী হত্যায় নেপথ্যকারীদের শাস্তির দাবি আব্বাসের

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: শিক্ষার্থীদের জীবন বাঁচাতে সরকার আজ আতঙ্কিত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাস চাপায় কলেজ শিক্ষার্থী হত্যার নেপথ্যকারীরা যেই হোক, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
মন্ত্রী শাহজাহান খানেরাই দেশের পরিবহন ব্যবস্থাকে ধ্বংস করেছে।

বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বেগম খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় নির্বাচন জনগণের প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সম্প্রতি তিন সিটি নির্বাচনের ফলাফল বিএনপিসহ বিরোধী পক্ষকে আগামী নির্বাচন বয়কট করতে উৎসাহিত করবে। বিএনপির সঙ্গে জনগণ রয়েছে দাবি করে দলের এই নীতি নির্ধারক বলেন, আওয়ামী লীগের পাশে জনগণ নেই বলেই তাদেরকে জাল ভোট দিয়ে জয়ী হতে হয়। তিনি বলেন, আওয়ামী লীগ ছাড়া দেশে কোন চোর বাটপার নেই। জনগণ তাদের সকল চুরিকাণ্ড জানে, এগুলো আওয়ামী লীগের জন্যই জায়েজ। গণতন্ত্র কখনই বন্দি করে রাখা যায় না। সরকার যখনই বিএনপির ঘরোয়া সকল কার্যক্রম বন্ধ করে দেবে, তখনই তাদের পতন শুরু হবে বলে হুশিয়ারি দেন মির্জা আব্বাস।

তিনি জানান, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হবে না। আয়োজক সংগঠন জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ লায়নের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com