শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনে লাশ চেয়েছিল বিএনপি: নাসিম

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে নিরবভাবে আন্দোলন করে যাচ্ছিল কিন্তু এ নিরব আন্দোলনের মধ্যে বিএনপি জামায়াতের ষড়যন্ত্রকারীরা লাশ ফেলে সরকার পতনের চেষ্টায় ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য চৌদ্দ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম।
‌
বৃহস্পতিবার (৯ আগষ্ট) রাজধানীর তোপখানা রোডের ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে কেন্দ্রীয় চৌদ্দ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, যখন সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছে সেই সুযোগে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছিল মাঠে নামার জন্য। এ নিরব আন্দোলনের সুযোগ নিয়ে একটি লাশ ফেলে সরকার হটানোর চেষ্টা ছিল। তার প্রমাণ বিএনপি নেতাদের দিকনির্দেশনায় মিলে।

তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা চাই নিরাপদ সড়কের কার্যকলাপ পরিচালনা করে নিরাপদ সড়কের ব‍্যবস্থা খুব দ্রুত করা হোক।

দীর্ঘদিন সড়কে অনেক নৈরাজ্য হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সড়কে অনেক নৈরাজ্য হয়েছে আর করতে দেয়া হবে না। সড়কের মধ্যে আর কোনো নৈরাজ্য সহ্য করা হবে না। প্রশাসনকে তিনি কঠোর হাতে দমন করা জন্য আহ্বান জানান। কোনো এমপি মন্ত্রীর গাড়িও যদি হয় তাকেও ছাড় না দেওয়ার নির্দেশ দেন তিনি। রাস্তায় লাইসেন্স ছাড়া বাস, প্রাইভেট কার সহ কোনো গাড়ি চলবে না। সে জন্য প্রশাসনকে আরো কঠোর হওয়ারও নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনিসুর রহমান মল্লিক,এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাম‍্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com