শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: নতুন দায়িত্ব নেওয়ার পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে এবার ঢেলে সাজানোর অঙ্গীকার করেছিলেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। কিন্তু আদতে তার কিছুই হয়নি। টিভিতে সম্প্রচার, দিবা-রাত্রির ম্যাচ, কিছুই হচ্ছে না। সাদামাটাভাবেই শেষ হয়েছে বড় দৈর্ঘ্যের প্রথম পর্ব। একইভাবে সুপার লিগও চলবে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে শেষ ছয়ের লড়াই। জানিয়েছেন সিসিডিএম সমন্বয়ক আমিন খান।
মঙ্গলবার প্রথমপর্বের শেষ রাউন্ডের শেষ দিনের খেলা শেষে চূড়ান্ত হয়েছে সুপার লিগের ছয়টি দল। চূড়ান্ত হয় রেলিগেশনের দল তিনটিও। আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলবে সুপার লিগ। আর রেলিগেশন লিগ খেলবে কলাবাগান ক্রীড়া চক্র, অগ্রণী ব্যাংকে ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। তাদের নিয়ে বুধবার আলোচনা সভায় বসে সিসিডিএম। সেই আলোচনা শেষে আমিন খান বললেন, ‘সুপার লিগের ছয় ক্লাব ও রেলিগেশনের তিনটা ক্লাব নিয়ে সভা হয়েছে। ২৪ মার্চ থেকে সুপার লিগ ও ২৫ মার্চ থেকে রেলিগেশন লিগ আরম্ভ হবে।’
শুরু থেকেই আলোচনা ছিলো এবারের সুপার লিগের খেলা হবে দিবা-রাত্রির। আর তা সম্প্রচার করা হবে টিভিতে। কিন্তু বারবার আলোচনা করার পরও বিষয়টি এগোয়নি বলে জানালেন আমিন। তবে চেষ্টার কোন ত্রুটি রাখেননি বলেও উল্লেখ করেন সিসিডিএম সমন্বয়ক, ‘যখন থেকে লিগ শুরু হয় তখন থেকেই চেষ্টা চলছিল। এখনও চূড়ান্ত হয়নি। এখনও কিছু বলা যাচ্ছে না। এখনও ইতিবাচক কিছু নেই। চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
যথারীতি সুপার লিগ ও রেলিগেশন লিগে রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রথমপর্বের খেলায় ম্যাচ ডে ও রিজার্ভ ডের পর কোন বিরতি ছিলো না। তবে সুপার লিগে প্রতি রাউন্ড শেষে রাখা হয়েছে একদিনের বিরতি। আর ম্যাচগুলো আগের মতো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ও সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। তবে রেলিগেশন লিগের ম্যাচগুলো শুধু বিকেএসপিতে অনুষ্ঠিত হবে বলেই জানালেন আমিন, ‘সুপার লিগে দুইদিন বিরতি থাকছে। এর একদিন রিজার্ভ ও একদিন রিকভারি ডে। আর এবার রেলিগেশনের সব ম্যাচ বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।’
প্রথমপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আবাহনী। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রূপগঞ্জ। সমান ১৪ পয়েন্ট খেলাঘরেরও। তাদের পরেই আছে গতবারের রানার্স আপ প্রাইম দোলেশ্বর। ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। সুপার লিগের অন্য দুই দল গাজী গ্রুপ ও শেখ জামালের পয়েন্ট সমান ১২ করে। আর রেলিগেশন লিগে এর মধ্যেই অবনমন নিশ্চিত হয়ে গেছে কলাবাগানের। প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইটি হবে অগ্রণী ব্যাংক ও ব্রাদার্সের মধ্যে। এ দুই দলের পয়েন্ট সমান ৮।