শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

‘লিস্ট এ’ ক্রিকেটে মাশরাফীর নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক:: ‘লিস্ট এ’ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগের খেলায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে ২ উইকেট নিয়ে লিগের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেয়ার নতুন রেকর্ড গড়লেন মাশরাফী। এ মৌসুমে তার উইকেট সংখ্যা এখন পর্যন্ত ৩৭। এর মধ্য দিয়ে তিনি গত মৌসুমে গড়া আবু হায়দার রনির সর্বোচ্চ উইকেটের রেকর্ড অতিক্রম করে গেলেন। ঢাকা লিগের গত মৌসুমে ৩৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন রনি। এখন পর্যন্ত মাশরাফীর লিস্ট এ ক্রিকেটে ২৫৭ ম্যাচে ৩৬৬ উইকেট সংগ্রহ।

এদিন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪৬.৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৪১ রান করে আবাহনী লিমিটেড। হাফ সেঞ্চুরি করেন নাজমুল হোসাইন শান্ত (৫৪) ও মেহেদি হাসান মিরাজ (৫০)। খেলাঘরের হয়ে ২৫ রানে ৪ উইকেট নেন আবদুল হালিম।

জবাবে ব্যাট করতে নেমে মাশরাফীদের তোপের মুখে ১৭ ওভারে ৮১ রান করতে ৫ উইকেট হারিয়ে ফেলে খেলাঘর। আনজুম আহমেদ ২১ ও তানভির ইসলাম ৫ রানে ব্যাট করছেন। মাশরাফী ২১ রানে ২ ও তাসকিন আহমেদ ২৫ রানে ২ উইকেট নিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা এবং নানা সময়ে চোটের কারণে কখনোই ঢাকা লিগের পুরোটা খেলা হয়নি মাশরাফীর। বাংলাদেশের ইতিহাসের সেরা পেসার এবার সেই সুযোগটা পেয়েছেন। তা কাজে লাগিয়েছেন দুর্দান্তভাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com