মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
১০০ শয্যা লক্ষ্মীপুর সদর হাসপাতাল। ছবি: সংগৃহীত অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: লক্ষ্মীপুর পৌর শহরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে আহত করার পর ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নাছির আহমেদ (৫৫) নামের এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত নাছির আহমেদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাছপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি আরশাদ আলীর ছেলে। গত বছরের আগস্টে ট্রাফিক কনস্টেবল পদ থেকে অবসরে যাওয়ার পর গত সাত বছর ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নাছির আহমেদের স্ত্রী বড় ছেলেকে নিয়ে বাইরে ছিলেন। বাসায় তিনি ও তার ছোট ছেলে ইমরান আহমেদ ছিলেন, যিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়দের দাবি, নাছির আগের রাত থেকেই কিছুটা অসুস্থ ছিলেন। সকালে হঠাৎ তিনি দা দিয়ে ঘুমন্ত ছেলে ইমরানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। আহত ইমরান ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে নাছির তার পেছনে ধাওয়া করেন। এ সময় প্রতিবেশী মিজানুর রহমান স্বপন এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে একই বাড়ির আরেক ভাড়াটিয়া নাছির নামে একজন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন তিনি। একপর্যায়ে নাছির আহমেদ দৌড়ে ভবনের তিনতলার ছাদে উঠে সেখান থেকে নিচে লাফ দেন।
পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রায় তিন ঘণ্টা পর নাছির আহমেদের মৃত্যু হয়। আহত স্বপন ও ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত নাছির সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা অরুপ পাল বলেন, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে নাছির আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।