শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

রোনাল্ডোর সঙ্গে কখনই বন্ধুত্ব সম্ভব নয়: মেসি

স্পোর্টস ডেস্ক:: লিওনেল মেসি দাবি করেছেন, চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও বন্ধুত্ব গড়ে উঠবে না। মেসি-রোনাল্ডোর দ্বৈরথটা এরই মধ্যে ইতিহাসে স্থান করে নিয়েছে। গত এক দশকে ফুটবলের সবচেয়ে মর্যাদার পুরস্কার ব্যালন ডিঅর সমান পাঁচবার করে ভাগ করে নিয়েছেন তারা। দুজন প্রতিনিধিত্ব করেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে। তাদের মধ্যে বন্ধুত্ব না থাকাটাই স্বাভাবিক।

তবে প্রতিদ্বন্দ্বিতা নয়, এর পেছনে অন্য কারণ বলছেন মেসি। তার মতে, একসঙ্গে সময় কাটানো ও একে অপরকে জানার মাধ্যমে বন্ধুত্ব গড়ে ওঠে। আমাদের মধ্যে সেই সুযোগ নেই।

ওয়ার্ল্ড সকার ম্যাগাজিনকে খুদে জাদুকর বলেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও কোনো বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা নেই। এর পেছনে অন্যতম কারণ- কেবল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের দেখা হয়, যা টুকটাক একটু কথা হয় ওই সময়েই। এভাবে কখনই বন্ধুত্ব গড়ে ওঠে না।’ মেসি আরও বলেন, ‘আমাদের সব কিছুই ঠিকঠাক। তবে দুজনের জীবন দুদিকে প্রবাহিত।’

চলতি মৌসুমটা ভালো কাটছে না রোনাল্ডোর। ভীষণ গোলখরায় ভুগছেন তিনি। তার অফফর্মে লা লিগা ও কোপা ডেল রে থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। এখন স্বপ্ন হয়ে রয়েছে কেবল চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

অন্যদিকে ফর্মের তুঙ্গে আছেন মেসি। অনন্য নৈপুণ্যে কোপা ডেল রের ফাইনালে তুলেছেন বার্সালোনাকে। লা লিগা শিরোপার দৌড়ে রেখেছেন শীর্ষে। ইউরোপ-সেরার প্রতিযোগিতাতেও রেসে রেখেছেন কাতালানদের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com