শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: সংবিধান প্রণেতা এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, রাষ্ট্রক্ষমতা নিয়ে পাগল হওয়ার কিছু নেই, এটা চিরস্থায়ী না। এটা থাকলেই যা ইচ্ছা তাই করব, যাকে যা ইচ্ছা তাই বলব, এটা হয় না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি ক্ষমতার মসনদে বসার জন্য নয়, দেশের মাটি–মানুষকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইতিমধ্যে একটি ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে কামাল হোসেন বলেন, ‘এ দেশের মানুষ নিজের দিকে তাকিয়ে দেখেন আমরা দেশের মালিক। তারা প্রশ্ন করে, আমরা কী করে মালিক? আমাদের কথা তো কেউ শোনে না। আমি বলি, আপনারা ঐক্যবদ্ধ হন, তারপর দেখেন শোনা যাবে কী যাবে না। ইতিমধ্যে একটি ঐক্য প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে, এর মধ্যেই টনক নড়ে যাচ্ছে। শক্তভাবে আরও ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা দাঁড়াই।’
কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আজকে যারা কোটা আন্দোলন করছে এরা কারা? এরা রাজাকারের বাচ্চা নয়, এরা এই দেশের সন্তান। যারা এই আন্দোলনকারীদের অপমান করে, তারা আস, আমার সামনে দাঁড়াও। আমাকে গুলি করে মারার আগে তাদের দুই চড় মারব।’
তিনি বলেন, আমাদের যে ছেলেরা ন্যায্য প্রস্তাব নিয়ে যাচ্ছে, সংস্কারের প্রস্তাব করার তাদেরও মৌলিক অধিকার আছে। লাখ লাখ জীবন দিয়ে এই অধিকার অর্জন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল যেটা জাদুঘরে সংরক্ষিত আছে, তাতে লেখা আছে।
সাবেক এ আইনপ্রনেতা বলেন, তার নাম ভাঙিয়ে যারা সব সুযোগ-সুবিধা ভোগ করছে, দেখ সেই দলিলটাতে কী লেখা আছে। এই দেশের মালিক এই দেশের জনগণ। এই দেশের মালিক কোনো ব্যক্তি নয়। তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
তরুণ সমাজের ওপর আক্রমণ লজ্জার বিষয় উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যার পর প্রথম গণকবর কোথায় খোঁড়া হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চলুন আমার সঙ্গে আমি দেখাব। প্রত্যেকটা শিক্ষককে টেনে টেনে বের করা হয়েছিল, আর পাইকারিভাবে ছাত্রদের হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, প্রথম কাতারের মুক্তিযোদ্ধারা ছাত্র ছিল না? তরুণ ছিল না? এই ইতিহাসকে কেন মুছে দেয়া হবে? তাদের উত্তরসূরি আজকের ছাত্ররা। এই ছাত্ররা কোনো কিছু নিজের পকেট ভারি করার জন্য চাইছে? কোনো লুটপাটের ভাগ চাইছে? কোটার ব্যাপারে তাদের কথা হচ্ছে সংস্কার কর।
কোনো কিছু পাওয়ার জন্য কেউ মুক্তিযুদ্ধ করেনি উল্লেখ করে কামাল হোসেন বলেন, আমার পরিষ্কার মনে আছে, যখন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু বললেন, সবাইকে দুই লাখ করে টাকা দেব, তখন অনেকেই আমার দেয়া চেক সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়েছেন।
তিনি বলেন, যারা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করে, তারা এ কথা ভুলে গেছে যে, মুক্তিযোদ্ধারা কী মানসিকতা নিয়ে যুদ্ধ করেছেন। বাড়িঘর দেয়া হয়েছে, আমরা বাড়িঘর পাওয়ার জন্য, ব্যবসা করার জন্য মুক্তিযুদ্ধ করিনি।
দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা চুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়লা চুরির কয়েক দিন পর মাটি চুরি হবে। লক্ষ্য করবেন চুরি ডাকাতির কথা বলা হচ্ছে, কিন্তু আইনানুগ কোনো ব্যবস্থা কি নেয়া হচ্ছে? আমি প্রশ্ন রাখলাম।’