শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

রাতে ঢাকায় আসছেন ফিফার প্রেসিডেন্ট

স্পোর্টস রিপোর্টার::

ফুটবল বিশ্বের শাসক সংস্থা ‘ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আজ বুধবার রাতে চব্বিশ ঘণ্টার শুভেচ্ছা সফরে ঢাকায় আসছেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। ফিফা প্রেসিডেন্ট মঙ্গোলিয়া থেকে বিকাল পাঁচটার দিকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিলো। কিন্তু বিকাল পাঁচটার পরিবর্তে বুধবার দিবাগত রাত ১টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ফিফা সভাপতি গুড উইল ট্রিপে বাংলাদেশ সফরে আসছেন। তিনি বাংলাদেশের ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

এছাড়া ফিফা প্রেসিডেন্ট বাফুফে কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন। তিনি সফরটি করছেন ফিফার সঙ্গে বাফুফের সম্পর্ক জোরদার করার জন্য। ফুটবলে বাংলাদেশের অবস্থান ও করণীয় কী সেগুলো জানানোর জন্য। এছাড়া লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে মতের আদান-প্রদান করবেন।

ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রধানের সঙ্গে এই সফরে আরও থাকছেন ফিফা ডেপুটি জেনারেল সেক্রেটারি মাথিয়াস গ্রাফস্ট্রোম, চিফ অব কমিউনিকেশনস অনোফরে কস্তা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ডিরেক্টর অব মেম্বার অ্যাসোসিয়েশন সঞ্জীবন বালা সিংহাম ও প্রেসিডেন্টের অফিস ম্যানেজার ফেড্রিকো রাভিগিওন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com