শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে দীর্ঘ পথচলায় নানা রাজনৈতিক চড়াই-উতরাই পেরিয়ে সংগঠনটি আজ ৪৯তম বছরে পদার্পণ করেছে।
এ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম ও আবু সুফিয়ান, জেলা প্রেস ও মিডিয়া আহ্বায়ক শাহাজালাল জুয়েল এবং উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাবিবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে আদর্শিক ও সাংগঠনিক সংগ্রামের মধ্য দিয়ে ছাত্রসমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতা ও ত্যাগ ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।