সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

রাণীশংকৈলে ভূমিহীনদের নামে পুকুর বরাদ্দের দাবিতে মানববন্ধন, পুলিশি নির্যাতনের অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকৃত ভূমিহীনদের নামে বিনাশর্তে পুকুর বরাদ্দ এবং পুকুরের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পুকুর দখলকে কেন্দ্র করে তাবারক আলী নামে এক ব্যক্তিকে পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানানো হয়।

সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের মূল ফটকের সামনে জনসংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

পুকুরপাড়ে বসবাসরত গুচ্ছগ্রামের ভূমিহীনদের পুকুর প্রদান করতে হবে, এ প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া ভাতখুকি পুকুরপাড়ে বসবাসরত পরিবারবর্গ ও বারঘরিয়া সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জনসংগঠন ঐক্য পরিষদের প্রধান আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম, অবিনাশ চন্দ্র রায়, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের প্রধান জালাল উদ্দীন ও ভুক্তভোগী তাবারক আলীসহ অন্যরা।

বক্তারা বলেন, ভাতখুকি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে অসহায় ও প্রকৃত ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছে। অথচ এসব পরিবারের পুনর্বাসন ও অধিকার নিশ্চিত না করে পুকুরটি অন্যের নামে ইজারা দেওয়ার পাঁয়তারা চলছে। এতে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসরত ভূমিহীন পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

তারা আরও অভিযোগ করেন, হাতিয়া পুকুর দখলকে কেন্দ্র করে পুলিশ তাবারক আলীকে বেধড়ক মারধর করে আদালতে পাঠিয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন বক্তারা। একই সঙ্গে অন্যান্য পুকুরের ইজারা বাতিল করে পুকুরপাড়ে বসবাসরত প্রকৃত ভূমিহীনদের নামে বিনাশর্তে পুকুর বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের দাবি বাস্তবায়ন করা না হলে ভূমিহীনদের অধিকার আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আমি যদি তাঁকে নির্যাতন করে থাকি, তাহলে আদালতকে জানালেন না কেন? এখন জামিনে বেরিয়ে এসে মিথ্যা অপপ্রচার ছড়ালে হবে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com