সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জের ব্যস্ততম নবাবগঞ্জ চৌরাস্তায় পাল্টে গেছে সড়কের চিরচেনা দৃশ্যপট। যানজট ও বিশৃঙ্খলা কমাতে সড়কে ডিভাইডার স্থাপন করে একমুখী যান চলাচলের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরেছে। গত কয়েকদিন আগে উপজেলা আইনশৃংখলা সভায় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রশাসনকে কঠোর নিদের্শনা দেন। তিনি ওই সময় বাগমারা বাজার, নবাবগঞ্জ চৌরাস্তা ও বান্দুরার যানজট নিরসনের নিদের্শনা দেন। এতে প্রশাসন নড়েচরে বসেন।
রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত ডিভাইডার স্থাপন ও যান চলাচলের নতুন ব্যবস্থা কার্যকরের কাজ চলে। এ সময় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে কাজ তদারকি করেন। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নিমতলা পর্যন্ত প্রায় ৫শত মিটার রাস্তায় এ ব্যবস্থা নেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নবাবগঞ্জ চৌরাস্তা উপজেলার অন্যতম ব্যস্ততম সড়কসংযোগ। প্রতিদিন এ পথ দিয়ে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কের বিশৃঙ্খল যান চলাচল, যত্রতত্র গাড়ি থামানো এবং মুখোমুখি যানবাহনের চাপের কারণে এখানে যানজটের সৃষ্টি হতো। এতে ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও পথচারীরা।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ডিভাইডার স্থাপন করে একমুখী যান চলাচলের ব্যবস্থা করা হয়। স্থানীয়দের মতে, নবাবগঞ্জ চৌরাস্তায় যান চলাচল সুশৃঙ্খল করতে এটি একটি সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ। নবাবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা ইয়াছিন খন্দকার, সহকারি কমিশনার (ভূমি) মাসুদ রানা, এএসপি শামীম হোসেন, ওসি আবু হানিফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন রহমান (আকবর), বিএনপি নেতা তুষার আহমেদ, বাজার কমিটির প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
তবে নতুন এ ব্যবস্থা কতটা কার্যকর হয়, তা নির্ভর করবে নিয়মিত তদারকি, চালকদের সচেতনতা এবং ট্রাফিক আইন মেনে চলার ওপর। ডিভাইডার স্থাপনের পাশাপাশি যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ ও পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করারও দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যবসায়ী মো. মুন্না বলেন, দীর্ঘ বছর পর এ সড়কে মানুষের স্বস্তি ফিরেছে। ব্যস্ততম এ সড়কটিতে সারাদিন যানজট লেগে থাকতো। আজ মনে হচ্ছে নতুন পরিবেশ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, উদ্যোগটি যথাযথভাবে বাস্তবায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা গেলে নবাবগঞ্জ চৌরাস্তায় যানজট কমার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরবে।
গাড়ীর চালক আব্দুল জলিল বলেন, এটা তো ব্যাটারী চালিত ইজিবাইকের শহর। তাই প্রতিনিয়ত যানজটই ছিলো নিত্যদিনের সঙ্গী। এটা ভালো উদ্যোগ নিয়েছে প্রশাসন।
নবাবগঞ্জের ইউএনও বলেন, মাত্র এক মাস হয় তিনি নবাবগঞ্জে পদায়ন হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নির্দেশে জনভোগান্তি নিরসনে তার এটাই ছিলো প্রথম ও প্রধান উদ্যোগ। তবে কতটা কার্যকর হবে সেটা জনগণের উপর নির্ভর করছে।