শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

যেসব আসনে জয় পেয়েছে ঐক্যফ্রন্ট বা বিএনপি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট::

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিপরতীতে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জয় পেয়েছে ৭টি আসনে, আর ২টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে ৯টি আসনে।

ঠাকুরগাঁও-৩ আসনে ৮৭ হাজার ১৬৫ ভোট পেয়ে জয় পেয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির মো: জাহিদুর রহমান (জাহিদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক ভোট পেয়েছেন ৮৪ হাজার ১০৯।

বগুড়া-৪ আসনে বিজয়ী হয়েছেন ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির মোশাররফ হোসেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২৭ হাজার ৪৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিী জাসদের রেজাউল করিম তানসেন পেয়েছেন ৮৪ হাজার ৪৫৬ ভোট।

নিজ আসনে হেরে গেলেও বগুড়া-৬ আসনে জয় পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৯৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর।

বগুড়া-৭ আসনে বিএনপির সমর্থনে ১ লাখ ৮৮ হাজার ৬৪৫ ভোট পেয়ে জয় পেয়েছে স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম বাবলু। তার নিকটতম প্রার্থী মহাজোট সমর্থিত আরেক স্বতন্ত্রপ্রার্থী ফেরদৌস আরা খান পেয়েছেন ৬২ হাজার ৫৫ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন ঐক্যফ্রন্ট প্রার্থী বিএনপির আমিনুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৯৫২ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়ে জয় পেয়েছেন বিএনপির হারুনুর রশিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ আওয়ামী লীগের আব্দুল ওদুদ ভোট পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮।

লক্ষীপুর-২ আসনে স্থানীয় আওয়ামীলীগের সমর্থনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শহীদ ইসলাম। তিনি পেয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৭৮৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল খায়ের ভুঁইয়া ভোট পেয়েছেন ২৮ হাজার ৬৫।

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের মোকাব্বির খান ৬৯ হাজার ৪২০ ভোট পেয়ে জয় পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ৩০ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।

মৌলভীবাজার-২ আসনে মাত্র ২ হাজার ৬৩৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক আ.লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী বিকল্পধারার এম এম শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট।

ফরিদপুর-৪ আসনে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কাজী জাফর উল্যাহ। তার প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৪৬। সেখানে ১ লাখ ৩৬ হাজার ৬৫৪ ভোট পেয়ে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী। সূত্র: ডিবিসি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com