শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

যেকোনো সময় ডাক আসতে পারে, প্রস্তুত থাকুন : এমাজউদ্দীন

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যে কোনো সময় ডাক আসতে পারে তাই নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকতে বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে প্রতীকী অনশনে সংহতি প্রকাশ করে দেওয়া বক্তব্যে তিনি দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে এই আহ্বান জানান। প্রবীন এই শিক্ষাবিদ দলের স্থায়ী কমিটির নেতাদের প্রতি আস্থার কথা জানিয়ে তিনি তাদেরকে সর্তক করে বলেন, হঠাৎ হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়েজন নেই।

সোমবার রাজধানীর গুলিস্তানের ঢাকা মহানগর নাট্যমঞ্চের সামনে অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি সারাদেশে পালন করা হচ্ছে।

এমাজউদ্দীন আহমদ বলেন, ভবিষ্যতে যে নির্বাচন আসবে, সে নির্বাচনে কী হয় না হয়, তা নিয়ে তাদের অনেক ভীতসন্ত্রস্ত মনোভাব। বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির দিকে তাদের সন্দেহের দৃষ্টি রয়েছে। এ সন্দেহ থেকে নেতা-কর্মীদের ওপর নির্যাতন অত্যাচার করা হচ্ছে। আওয়ামী লীগ তিন তিনবার দেশের গণতন্ত্রকে বিধ্বস্ত করেছে। তিনি বলেন, কারাগারে নেওয়ার পর খালেদা জিয়ার জনপ্রিয়তা আরও বেড়েছে। তিনি যখন বেরিয়ে আসবেন, তখন আমরা এক নতুন নেতৃত্বের সন্ধান পাব।

অনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন, কবির মুরাদ, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com