শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

যুবসমাজের জন্য কী সমাধান নিয়ে আসছেন সোহেল তাজ

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: যুবসমাজের জন্য ইতিবাচক কিছু করতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। আর এক্ষেত্রে একটি ‘সমাধান’ও পেয়েছেন তিনি। ঈদের পরই এ বিষয়ে জানাবেন তিনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ কথা জানান সোহেল তাজ।

পোস্টে তিনি লিখেছেন, ‘বেশ কিছু দিন ধরে ভাবছি আমার জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশের জন্য ভালো কিছু কি করা যায় এবং বিশেষ করে যুব সমাজের জন্য পজিটিভ কিছু করা যায় কিনাI অনেক চিন্তা ভাবনা করে একটা সমাধান পেয়েছি— ঈদের পর জানাবো!!’

তার দেশে আসা উচিত— ফেসবুকে অনেকের এমন কমেন্টের জবাবে সোহেল তাজ লিখেছেন, ‘আমি বেশির ভাগ সময়ই দেশে থাকি।’

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে এবং ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন তিনি।এরপর থেকেই বাংলাদেশের রাজনীতিতে অনুপস্থিত সোহেল তাজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com