বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

ম্যান ইউতে যোগ দিচ্ছেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক:: শোনা যাচ্ছিল ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে চলেছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

ইউরোপীয় ফুটবলের দলবদলবিষয়ক নির্ভরযোগ্য ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার টুইট পোস্টে লিখেছিলেন— ম্যানসিটিতে যাচ্ছেন রোনাল্ডো। তার এজেন্ট হোর্হে মেন্দেজ ম্যানসিটির কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রধান ফুটবল প্রতিবেদক মিগেল ডেলানির প্রতিবেদনে জানানো হয়েছে— সিটি থেকে সপ্তাহে দুই লাখ ৫০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা) বেতনের একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে সিআর সেভেনকে।

স্প্যানিশ স্পোটর্স ডেইলির দাবি, ম্যানসিটি থেকে রোনাল্ডোকে বছরে ১৫ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি টাকা) প্রস্তাব দেওয়া হয়েছে।

কিন্তু এক রাতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেল গোটা দৃশ্যপট। জানা গেল, ম্যানসিটি নয়; ম্যানইউতে যোগ দিয়েছেন রোনাল্ডো। তবে কি আগের সব সংবাদ মিথ্যে বা গুজব ছিল? না, তেমনটি নয়; রোনাল্ডোকে পাওয়ার দৌড়ে ম্যানসিটি যখন মাঠে, তখনই বল ছিনিয়ে নেন ম্যান ইউর সাবেক ম্যানেজার অ্যালেক্স ফার্গুসন। যাকে পিতার মতো শ্রদ্ধা করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

২০০৩ সালে ফার্গুসনের হাত ধরেই ওল্ড ট্র্যাফোর্ডে যুক্ত হয়েছিলেন রোনাল্ডো। এর পর চ্যাম্পিয়নস লিগসহ আরও কত বিশ্বজয়ের স্বাদ নিয়েছেন পর্তুগিজ যুবরাজ এই ফার্গুসনের ছায়াতলে থেকেই। ম্যানইউর সেই সাবেক কোচ ফার্গুসনের এক ফোনকলেই রোনাল্ডোর ভাগ্য নিশ্চিত হয়ে যায়। ঘরের ছেলে ঘরে ফেরেন।

সংবাদমাধ্যম মেনের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার সকালে ম্যানইউ কিংবদন্তি ফোনে সরাসরি যোগাযোগ করেন রোনাল্ডোর সঙ্গে। সাবেক গুরুর ফোন পেয়ে আপ্লুত হয়ে পড়েন রোনাল্ডো। ভোল পাল্টে তার। ম্যানসিটির প্রস্তাব ফিরিয়ে দিয়ে শুক্রবার রাতে জুভেন্টাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরা নিশ্চিত করেন ৩৬ বছর বয়সি পর্তুগিজ ফরোয়ার্ড। ফার্গুসন ছাড়াও রোনাল্ডোর মত বদলে প্রভাব রেখেছে তার সাবেক সতীর্থরা।

ইএসপিএনের একটি প্রতিবেদন অনুসারে, রোনাল্ডোর সাবেক ওল্ড ট্র্যাফোর্ড সতীর্থদের মধ্যে অনেকেই হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়েছিলেন। সিটিতে না গিয়ে ম্যানইউতে ফেরার জন্য অনুরোধ জানান তারা।

রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ ফার্নান্দেসও বৃহস্পতিবার যোগাযোগ করেন। এই মিডফিল্ডার ফার্গুসনের মতো একই কথা বলেন রোনাল্ডোকে।

এমন সব জল্পনার মাঝে রোনাল্ডেকে ম্যানইউর খেলোয়াড় রিও ফার্ডিনান্ড বলেন, আমি তাকে সরাসরি ফোন করে বললাম— কী হচ্ছে? বলো তুমি মিথ্যা বলছ? দয়া করে আমাকে বলো তুমি সিটিতে যাচ্ছ না। আশা করি, যে কোনো সময়ে একটি ঘোষণা আসছে এবং সেটি হলে আমি খুশিই হব।

এর পরই মত পাল্টান রোনাল্ডো। হঠাৎ এই মত পাল্টানোর কারণে ম্যানইউর সঙ্গে চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা এখনও সারতে পারেনি রোনাল্ডো।

জানা গেছে, সোমবার কোনো একসময় দুই বছরের চুক্তিতে ম্যানইউতে নাম লেখাবেন রোনাল্ডো। তার বার্ষিক বেতন ধরা হতে পারে ২৫ মিলিয়ন ইউরো। আর জুভেন্টাসকে ২৮ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দেবে ম্যানইউ।

সব কিছু ঠিক থাকলে ১১ সেপ্টেম্বর নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ দিয়ে ম্যানইউর জার্সিতে পুনারাভিষেক হতে পারে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ীর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com