সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২১

মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক:: মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ২১ জন প্রাণ হারিয়েছেন। গত ৯ অক্টোবর দেশটির সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর এ হতাহতের ঘটনা ঘটে।

মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা এ তথ্য নিশ্চিত করেছেন।

মোজাম্বিকের সংবাদমাধ্যম ভার্দাদে রোন্ডাকে উদ্ধৃত করে বলেছে, ‘সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পরে প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেনের নেতৃত্বে বিরোধী বাহিনী ব্যাপক বিক্ষোভ করেছে। যার ফলে অন্তত ২১ জন নিহত হয়েছে।’

মন্ত্রী সর্তক করে জানিয়েছেন, দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগাডোতে বিরোধীরা সক্রিয় ইসলামিক সন্ত্রাসী বাহিনীতে যোগ দিয়েছে। তারা মোজাম্বিকের রাজধানীতে সরকারবিরোধী সমাবেশে অংশগ্রহণকারীরা ব্যারিকেড তৈরি করে গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। এ সময় তারা দোকানপাট, অফিস, থানা, ব্যাংক ও ফিলিং স্টেশনে ভাঙচুর চালায়।

মোজাম্বিকের নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো ৯ অক্টোবরের ভোটে জয়লাভ করেছে। এর বদৌলতে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি দেশ শাসনের জন্য আরও একটি মেয়াদ পেল।

নির্বাচন কমিশনের এই ঘোষণার পরপরই সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নির্বাচনের ফলাফল বিষয়ে বিরোধী প্রার্থী, সুশীল সমাজ ও পর্যবেক্ষকরা জানিয়েছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে।

এছাড়া প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন সরকারি ফলাফল প্রত্যাখ্যান করেছেন। দেশব্যাপী গণবিক্ষোভের হুমকি দিয়েছেন তিনি।

এদিকে সাংবিধানিক পরিষদ নির্বাচনের ফলাফল পুনর্গণনা করতে ব্যর্থ হলে ১৫ জানুয়ারি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন বলেও হুঁশিয়ার দিয়েছেন মন্ডলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com