শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

মেসি-রোনালদোর সেরা হবার শেষ দৌড়

স্পোর্টস ডেস্ক:: দশ বছর ধরে মেসি-রোনালদো দৌড়ে যাচ্ছেন। সেরা হওয়ার ক্ষুধা এই ১০ বছরে একটুও কমেনি আর্জেন্টিনা ও পর্তুগালরের এই দুই তারকা ফুটবলারের। এই সময়ে ছাড়িয়ে যেতে পারেননি কেউ কাউকে। সমান ব্যালন ডি’অর, চ্যাম্পিয়ন লিগ ট্রফি এবং সমান সংখ্যক গোল্ডেন বুট জিতেছেন তারা। কিন্তু এই মৌসুম তাদের যে কাউকে এগিয়ে দেবে। সেরাদের সেরা হবে দু’জনের একজন।

মেসি-রোনালদোর মধ্যে সেরা কে এই বিতর্ক চলে আসছে অনেকদিন ধরে। মেসি ভক্ত, সতীর্থ কিংবা কোচরা মেসির প্রশংসা করেন তো রোনালদো ভক্ত, সতীর্থ এবং কোচদের চোখে সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। কে সেরা এর উত্তর তাই অনেকটা মতামত এবং ভক্তরা কী ভাবছে তার উপরে নির্ভর করে। কিন্তু এসবের উত্তর তো দেয় আসলে পারফর্ম। কে কতো গোল করছে, ট্রফি জিতছে এসবের মাধ্যমে।

আর এই হিসেবেও সমান দু’জন। মেসি বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন লিগ জিতেছেন চারটি। রোনালদোও চ্যাম্পিয়ন লিগের ট্রফি উচিয়ে ধরেছেন চারবার। গোল্ডেন বুট জিতেছেন রোনালদো চারবার। মেসিরও বুট সংখ্যা চারটি। আবার ব্যালন ডি’অর রোনালদোর হাতে উঠেছে পাঁচবার তো মেসিও জিতেছেন পাঁচটি।

আর তাই এবারের মৌসুমে ব্যালন ডি’অর, চ্যাম্পিয়ন লিগ কিংবা গোল্ডেন বুট যিনি জিতবেন তিনিই এগিয়ে যাবেন। তার সঙ্গে আছে রাশিয়া বিশ্বকাপ। মেসির দল আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফেবারিট ভাবা হচ্ছে। রোনালদোর পর্তুগালের অবশ্য সেই তকমা নেই। তবে গত আসরের ইউরো জিতিয়ে রোনালদোর পর্তুগাল দিখিয়ে দিয়েছে শুধু নামডাক ছাড়াও শিরোপা জেতা যায়।

ফুটবলের সর্বজন স্বীকৃত দুই কিংবদন্তি পেলে-ম্যারাডোনার সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো-মেসির যে তুলনা সেটা বিশ্বকাপ না জিতলে পরিপূর্ণতা পাবে না। আর এবারের বিশ্বকাপই মেসি-রোনালদোর জন্য বলতে গেলে শেষ সুযোগ। কারণ রোনালদোর বয়স এরইমধ্যে ৩৪ এর ঘরে পৌছে গেছে। আর মেসির বয়স চলছে ৩১ বছর। রাশিয়ার পরে কাতার বিশ্বকাপে রোনালদোকে দেখা প্রায় অসম্ভব। তেমনি মেসির জন্যও সহজ হবে না কাতারে খেলা। তাই সেরা হওয়ার এটাই সুযোগ মেসি-রোনালদোর সামনে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com