শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

মীর নাসিরের জামিন আদেশ ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি

নিজস্ব প্রতিবেদক::

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনকে জামিন না দিয়ে বিষয়টি ১৪ ডিসেম্বর পর্যন্ত মুলতবি রেখেছেন আপিল বিভাগ।

আজ সোমবার (১৬ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মীর নাসিরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

এর আগে গত ৮ নভেম্বর দুর্নীতির মামলায় নাসির উদ্দিনকে কারাগারে পাঠান আদালত। তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক এ এস এম রুহুল ইমরান এ আদেশ দেন।

দুর্নীতির মামলায় মীর নাসিরকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের কারাদণ্ড এবং তার ছেলে মীর হেলালকে দেওয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে গত বছরের ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের এ রায় বিচারিক আদালতে পৌঁছার তিন মাসের মধ্যে তাদের আত্মসমর্পণ (বিচারিক আদালত) করতে বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।

মীর নাসির ও মীর হেলাল আপিল বিভাগে আত্মসমর্পণ করে লিভ টু আপিল করেছিলেন। একইসঙ্গে জামিন চেয়েছিলেন।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর গুলশান থানায় মামলা করে দুদক। মামলায় বিশেষ জজ আদালত মীর নাসিরকে ১৩ বছর ও মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে মীর নাসির ও মীর হেলাল হাইকোর্টে পৃথক আপিল করেন। ২০১০ সালের আগস্টে তাদের সাজা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। শুনানি নিয়ে ২০১৪ সালের ৩ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একইসঙ্গে বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে বাবা-ছেলের করা পৃথক আপিল হাইকোর্টে ফের শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট রায় দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com