বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: প্রবাস ফেরত বাবা হারুনুর রশিদ ছেলেকে নিয়ে মোটরসাইকেলে টিকরপুরে একটি বেকারি দোকানে কাজ শেখাতে নিয়ে যাচ্ছিলেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপার হাড়ভাঙ্গা সেতুর ঢালে পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় বাবা ও ছেলে। নিহতদের বাড়ি নয়নশ্রী ইউনিয়নের শৈল্লা গ্রামে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত বাবা-ছেলে মটরসাইকেল আরোহী ছিলেন।
নিহতরা হলেন- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুন অর রশিদ (৪৫) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মটরসাইকেল যোগে বাড়ি হতে টিকরপুর যাচ্ছিলেন বাবা হারুন অর রশিদ ও ছেলে সাদ। হাড়ভাঙ্গা ব্রীজের ঢালে এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সাথে ধাক্কায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায় বাবা ও ছেলে। এসময় ঘাতক পিকআপ ভ্যানটি মুহুর্তে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবা ও ছেলে দু’জনকে মৃত ঘোষণা করেন।

নিহত হারুনের বোন আখি বেগম বলেন, তার ভাই গত দুই মাস আগে কাতার থেকে ছুটিতে এসেছেন। ছেলেকে কাজ শেখাতে দিতে এসে জীবন দিতে হলো।
এদিকে সংবাদ পেয়ে স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে লাশ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যেতে চাইলে পুলিশ তাদের কাছে বাবা ছেলের লাশ হস্তানান্তর করেন।
দোহার সার্কেলের জেষ্ঠ্য এএসপি শামীম হোসেন বলেন,পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি তাঁদের স্বজনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে ঘাতক পিকআপটিকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।