বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ওয়ার্ড উদ্বোধন, দুই বছর বন্ধ থাকার পর চালু হলো এ্যাম্বুলেন্স

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি ওয়ার্ডের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি নতুন ওয়ার্ডটির উদ্বোধন করেন। নতুন ওয়ার্ড চালু হওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এখানে ৫০ জন রোগীকে সেবা দেয়ার জন্য ব্যবস্থা রয়েছে। এছাড়া ২ বছর ধরে পড়ে থাকা নতুন এ্যাম্বুলেন্সটির সেবা কার্যক্রমও চালু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, উপজেলা পর্যায়ে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো প্রয়োজন। নতুন ওয়ার্ড চালুর ফলে নবাবগঞ্জের মানুষ আরও ভালোভাবে চিকিৎসাসেবা পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এত দিন শয্যার সংকট থাকায় অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে হতো। বিশেষ করে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে গেলে ওয়ার্ডে জায়গা সংকট তৈরি হতো। মেঝেতে রোগীরা ঝুঁকি নিয়ে সেবা নিতেন। নতুন ওয়ার্ড চালু হওয়ায় এ সংকট কিছুটা কমবে বলে আশা করছেন হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন বলেন, শয্যা সংকটের কারণে অনেক সময় রোগীদের ভোগান্তিতে পড়তে হতো। নতুন ওয়ার্ড চালু হওয়ায় সেই চাপ কমবে। এতে স্থানীয় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগও বাড়বে।

স্থানীয় বাসিন্দা তুষার আহমেদ বলেন, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষেরও চিকিৎসার অন্যতম ভরসাস্থল। এখানে রোগীর চাপ তুলনামূলক বেশি। তাই নতুন ওয়ার্ড চালুর পাশাপাশি চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, নতুন ওয়ার্ড চালুর মাধ্যমে রোগীদের চিকিৎসা সেবার সুযোগ বাড়ল। পর্যায়ক্রমে হাসপাতালের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন একটি ওয়ার্ডের উদ্বোধন করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি

এদিকে একই দিন সংসদ সদস্য দোহারে দুস্থ নারী পুরুষের মাঝে সেলাইমেশিন ও নগদ টাকা বিতরণ করেন। এছাড়া বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে নবাবগঞ্জ উপজেলা ওয়াছেক মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করেন আশফাক এমপি।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার ইউএনও ইয়াছিন খন্দকার, দোহারের ইউএনও মাইদুল ইসলামসহ নানা শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com