বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে টানা তিন দিন আমরণ অনশনের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে অনলাইনে প্রকাশিত তালিকায় অনশনে থাকা ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৪ জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ প্রকাশ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে বাদ পড়েছে ৭ জন।
জানা গেছে, ২০২৪ সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে জামালপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৩৬ জন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়। ১ম ধাপে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর ৮৪ জন ও ২য় ধাপে ২৮ সেপ্টেম্বর ১ জন। মোট ৮৫ জন নিয়োগপত্র পায়। কিন্তু বাকি ৫১ জন সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ বঞ্চিত থেকে যায়। পরে তারা গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আমরণ অনশন শুরু করে। যদিও তাদের সেই আমরণ অনশন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। কারণ অনশনকারীরা আমরণ অনশনে থেকেও প্রকাশ্যে বিভিন্ন ধরণের খাবার গ্রহণ ও রাতে বাড়িতে চলে গিয়ে সকালে এসে আবার অনশনে বসেছে। অনশনের তিনদিন পর আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর ৫ টার দিকে অনশনে থাকা মোট ৫১ জন প্রার্থীর মধ্যে বিভিন্ন উপজেলার ৪৪ জনকে চূড়ান্ত নিয়োগ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেয় জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস। এতে বাদ পরে নিয়োগ পরিক্ষায় বকশীগঞ্জ উপজেলার মেধাতালিকায় প্রথম স্থানে থাকা ইসরাফিল ইসলাম রতনসহ ৭ জন প্রার্থী।
ইসরাফিল ইসলাম রতন বলেন, আমি একজন কৃষকের সন্তান। আমি এই চাকুরির বিষয়ে কোন দুর্নীতি করিনি। আমি রাজনীতি করি না। আমার পরিবারে কেউ রাজনীতি করে না। আমি আমার উপজেলায় মেধাতালিকায় প্রথম হওয়ার পরও কেন বাদ পরলাম। আমি প্রধানমন্ত্রীর সহযোগিতা চাই।
এ বিষয়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, গত কয়েকদিন ধরে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করেছি। চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এর বাইরে আমাদের আর কিছু বলার বা করার নেই।