রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ছবি সংগৃহীত একুশের কন্ঠ অনলাইন ডেস্ক: নতুন মজুরি বোর্ডের মাধ্যমে তৈরি পোশাক খাতের শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রবিবার রাজধানীর একটি হোটেলে শ্রম মন্ত্রণালয় ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ তিনি এ কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নসহ পাঁচটি আন্তর্জাতিক সহযোগী সংস্থা ও দেশের সহায়তায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
শ্রমমন্ত্রী বলেন, গার্মেন্টস খাতের চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও তথ্যভিত্তিক শ্রমনীতি প্রণয়ন, কারখানা পরিদর্শন জোরদার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। বিশেষ করে নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পাশাপাশি পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সরকার, মালিক, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শ্রমমন্ত্রী।