শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ রোববার মির্জা আব্বাস দম্পত্তি হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ তাদের ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
মির্জা আব্বাসদের পক্ষে শুনানি করেন সুপিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এর আগে গত ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের গুলি, কাঁদানে গ্যাসের শেল ও লাঠিপেটায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা তিনটি করে।