বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

মাহমুদুল্লাহরা মুখিয়ে আছে সামর্থ্যের মঙ্গলবার সেরাটা উপহার দিতে

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম : প্রথমে শ্রীলঙ্কা, তারপর ইংল্যান্ড এবং সবশেষে ওয়েস্ট ইন্ডিজ- তিন খেলার সবগুলোতে হার। এর মধ্যে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিততে জিততে হেরে যাওয়া, জয়ের সম্ভাবনা জাগিয়েও লক্ষ্যে পৌঁছতে না পারা। সেই না পারা অবশ্যই ব্যর্থতার, গ্লানির।

প্রথম ইনিংসে ১৭১ রান করে এবারের বিশ্বকাপে হারেনি কোন দল। শুধু বাংলাদেশই পারেনি সেই পুঁজিকে জয়সূচক পুঁজিতে রুপান্তরিত করতে। যা অবশ্যই হতাশার। আর ক্যারিবীয়দের বিপক্ষে পরাজয়টা অন্যরকম আফসোসের। লক্ষ্য ছিল মাত্র ১৪৩ রান। অথচ সেই সামান্য কটা রান করতে না পারার বেদনায় দগ্ধ হতে হয়েছে।

যেখানে পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকান উইলোবাজরা শেষ দিকে হাত খুলে বিগ হিট নিয়ে কঠিন হিসেবকে সহজ করে জিতে গেছে। সেখানে বাংলাদেশ প্রথমে বাছাইপর্বে স্কটল্যান্ড আর মূলপর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে শেষ ওভারে গিয়ে যথাক্রমে ৬ ও ৩ রানের হারের আক্ষেপে মাঠ ছেড়েছে।

টি২০ বিশ^কাপে কাগজে-কলমে এখনও সেমির পথ খুঁজছে বাংলাদেশ। আশার কথা বলছেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু বাস্তবতা হলো, বিড়াল বনে যাওয়া টাইগাররা কার্যত ব্যাগ এ্যান্ড ব্যাগেজ বাড়ির পথ ধরার অপেক্ষায়…! সুপার টুয়েলভে টানা তিন হারই কেবল নয়, মাঠ ও মাঠের বাইরের সার্বিক বিবেচনায় দেশের ক্রিকেটের কঙ্কাল বেরিয়ে পড়েছে। বোর্ডের (বিসিবি) বড় কর্তার সব কথায় এতদিন যারা সায় দিতেন, সামনে মাথা নোয়াতেন, সেই তারাও মনে করছেন, নতুন করে ভাবার সময় এসেছে। কঠিন এই বাস্তবতা মাথায় নিয়ে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লক্ষ্য অবশ্যই জয়। তার চেয়েও বড় লক্ষ্য নিজেদের প্রমাণ করা। মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমানদের এটা করে দেখানো যে আফগানিস্তান, নামিবিয়ার চেয়ে তারা খারাপ নয়! যেখানে বড় ধাক্কা হয়ে এসেছে সাকিব আল হাসানের হ্যামস্ট্রিং ইনজুরি। তার জায়গায় আজ একাদশে দেখা যাবে শামীম হোসেন পাটোয়ারিকে। জানিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। আবুধাবিতে খেলা শুরু বিকেল চারটায়। একই ভেন্যুতে রাত আটটায় দিনের আরেক ম্যাচে উড়তে থাকা পাকিস্তানের মুখোমুখি হবে ছোট দল নামিবিয়া।
ইনজুরির কারণে আগে থেকেই নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অনুশীলনে পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি নুরুল হাসান সোহান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তিনি ফিরতে পারছেন না। সব মিলিয়েই বিশ্বকাপ অভিষেকের সামনে দাঁড়িয়ে শামীম। ‘সাকিব না থাকা অবশ্যই বড় ধাক্কা। সে না খেললে একজন বোলার বা ব্যাটার কম নিয়ে খেলতে হয়। কিংবা অনিয়মিত বোলার নিয়ে খেলতে হয়। দলের ভারসাম্যের জন্য তাই বড় ক্ষতি। পাশাপাশি, চাপের সময়ে তার নেতৃত্ব ও পুরো আবহে যে স্থিরতা সে দলে এনে দেয়, সেটিও পাওয়া যাবে না। তবে এটাই হয়তো সুযোগ করে দিচ্ছে নতুন কারও বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার। তরুণ একজন ক্রিকেটারের জন্য সেটি হবে ইতিবাচক দিক। কালকের (আজ) ম্যাচ খেলার মতো ফিট হবে না সোহান। শামীম ও সৌম্য সরকার, আমাদের দুই ব্যাকআপ ব্যাটসম্যান, থাকবে একাদশে।’ বলেন ডোমিঙ্গো। বিশ্বকাপের শুরুতে সাকিব ও সাইফসহ নয় ব্যাটসম্যান নিয়ে খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাইফের জায়গায় পেসার শরিফুল ইসলামকে খেলানো হয়। ব্যাটিংয়ে গভীরতা ধরে রাখতে এবার ব্যাটসম্যান বাড়াচ্ছেন কোচ। সৌম্য ও লিটন তাই আরও সুযোগ পাচ্ছেন। বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে সৌম্যর রান ৫ ও ১৭। বোলিং করেননি কোনো ম্যাচেই। লিটন প্রথম ৫ ম্যাচ মিলিয়ে ৬৫ রান করার পর গত ম্যাচে তিনে নেমে করেন ৪৪ রান। তবে ৪৩ বল খেলেও শেষ পর্যন্ত ইনিংসকে গতি দিতে না পারা ও শেষ সময়ে আউট হওয়ার হতাশায় পুড়তে হয় তাকে।
কোভিড প্রটোকল অনুযায়ী হুট করেই নতুন কোনো ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। তাই সব দলই অতিরিক্ত ২-৩ জন খেলোয়াড়কে আগে থেকেই স্ট্যান্ডবাই হিসেবে সঙ্গে রেখেছে। বাংলাদেশ রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে গিয়েছিল। কিন্তু ওমানে প্রথম রাউন্ড চলাকালেই বিপ্লবকে দেশে ফেরত পাঠানো হয়। বোর্ডের এত অর্থ, এরপরও কেন অতিরিক্ত একজন মাত্র ক্রিকেটার? এ নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। কারণ একাধিক ইনজুরির কারণে এখন দল গড়তেই হিমশিম অবস্থা। ম্যাচে ফেরা যাক। সাকিবকে ছাড়াই আজ টানা তিন হারের বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসতে চান মাহমুদুল্লাহ রিয়াদ,‘এখনও অনেক কিছু পাওয়ার আছে। সেমি-ফাইনালের আশা হয়তো কিছুটা ক্ষীণ হয়ে গেছে। কিন্তু দুটি ম্যাচ আছে।
তিনি আরও যোগ করেন, ‘তবে আমাদের আগামীকালও ভাল খেলতে হবে। ছেলেরা মুখিয়ে আছে সামর্থ্যের সেরাটা উপহার দিতে। আমরা শ্রীলঙ্কার সাথে বেশ ভাল অবস্থানে ছিলাম। কিন্তু এক-দুটি ভুলে ম্যাচ হাতছাড়া করে ফেলেছি। ছেলেরা জানে দেশে প্রত্যাশা প্রচুর, মিডিয়ার উৎসাহও অনেক বেশি। তারা জানে সে প্রত্যাশা পূরণ হয়নি। তারা তাদের দেশের জন্য খেলবে। এবং শতভাগ উজার করে চেষ্টা করবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com